মধ্যপাড়া রেঞ্জে পাঁচ হাজার একর বনভূমি বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর বন বিভাগের অধীন মধ্যপাড়া রেঞ্জের প্রায় পাঁচ হাজার একর জমি এলাকার প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। উজাড় হওয়া সেই জমিতে হাটবাজার ও একাধিক করাতকল বসানো হয়েছে।

দিনাজপুর বন বিভাগ সূত্র জানায়, ফুলবাড়ী, পার্বতীপুর ও নবাবগঞ্জ উপজেলায় বন বিভাগের এলাকা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে মধ্যপাড়া রেঞ্জ। এর অধীনে রয়েছে মধ্যপাড়া সদর, কুশদহ ও আফতাবগঞ্জ বিট এবং ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা নার্সারি। এর মধ্যে আফতাবগঞ্জ বিটে ২ হাজার ৬০০ একর, মধ্যপাড়ায় ১ হাজার ৪০০ একর, কুশদহে ১ হাজার ২০০ একর ও ভবানীপুর বিটে ১ হাজার ৬০০ একর বনভূমি রয়েছে। সব মিলিয়ে মধ্যপাড়া রেঞ্জের মোট বনভূমির পরিমাণ ৭ হাজার ৭০০ একর। এর মধ্যে বর্তমানে বন বিভাগের দখলে আছে দুই হাজার একর জমি। বাকি জমি ভূমিদস্যুরা দখল করেছে।

গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, বন বিভাগের জায়গায় গড়ে উঠেছে মধ্যপাড়া হাটবাজার। মধ্যপাড়া ও আফতাবগঞ্জ বাজার এবং কুশদহ ও ভবানীপুর বিট এলাকায় বন বিভাগের জমিতে অন্তত ১০টি করাতকল বসানো হয়েছে।

মধ্যপাড়া এলাকার ফজর আলী (৫৬), স্যামুয়েল কিসকু (৫০), মো. আলিমুদ্দিনসহ (৫২) কয়েকজন বলেন, বাপ-দাদার আমলে দেখা গেছে এ এলাকার সর্বত্র শালবন। শিয়াল, বনবিড়াল, সাপ, বেজি—এসবের অত্যাচারে ফসল হতো না। বর্তমানে মধ্যপাড়া রেঞ্জে ফুলবাড়ী-রংপুর মহাসড়কের পাশে চেচেয়া নামে একটি শালবন ছাড়া আর বন নেই। বন বিভাগের কতিপয় অসাধু কর্মচারী ও কর্মকর্তা এবং এলাকার ভূমিদস্যুরা মিলে দীর্ঘদিন ধরে বনের গাছ চুরি করে বিক্রি করতে থাকে। ধীরে ধীরে উজাড় হয়ে যায় বন। এরপর বনের জমি দখল শুরু হয়। গড়ে ওঠে বাড়ি, হাটবাজার। দখল ঠেকাতে বন বিভাগের উদাসীনতা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে দিনাজপুর বন বিভাগের একজন কর্মকর্তা বলেন, বন ও ভূমিদস্যুরা এলাকার প্রভাবশালী ব্যক্তি। অনেকেই রাজনীতিতে জড়িত। বড় নেতা। তাঁদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাও ব্যবস্থা নিতে পারছে না। জমি দখলমুক্ত ও করাতকলগুলোর বিরুদ্ধে মামলা করতে গিয়ে এর আগে অনেক বন কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। জীবন বাঁচাতে তাঁরা কোনোরকমে চাকরি করছেন।

মধ্যপাড়া রেঞ্জের কর্মকর্তা রঞ্জিবুল আলম বলেন, এ রেঞ্জের মোট বনভূমির প্রায় ৪০ ভাগ দখলে চলে গেছে। জনবলের অভাবের কারণে বন রক্ষা করা দুষ্কর। তিনি দায়িত্বে আসার আগেই জায়গাগুলো দখল হয়েছে। পরে দখলদারদের বিরুদ্ধে আইনি নোটিশ দেওয়ার পরও তাঁরা দখল ছাড়েননি। দখলদারদের বিরুদ্ধে বন বিভাগের পক্ষ থেকে শতাধিক মামলাও হয়েছে। মামলা থেকে তাঁরা জামিনে বেরিয়ে এসেছেন। এ এলাকায় শতাধিক অবৈধ করাতকল আছে। গতকাল এসব কলের তালিকা বিভাগীয় বন কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।