মুখোশ পরা এক দল দুর্বৃত্ত গত বুধবার রাতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গোলাম শাহি আলমের বাসায় ঢোকার চেষ্টা করেছে। বাধা দেওয়ায় দুর্বৃত্তরা বাসার দুই দারোয়ানকে মারধর করে চলে যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
তাঁরা বিশ্ববিদ্যালয় এলাকায় এ রকম দুর্বৃত্তপনার কারণ তদন্ত করে দেখার পাশাপাশি দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, উপাচার্যের বাসার প্রধান ফটকে রাত দুইটার দিকে মুখোশ পরা ১৫ জন লোক অবস্থান নেয়। তারা বাসার ফটক দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলে দুজন দারোয়ান বাধা দেন। এ সময় দুর্বৃত্তদের মারধরে একজন দারোয়ান বাসার ভেতর অবস্থান নেন। বাবুল মিয়া নামের অপর একজন দারোয়ানকে দা দিয়ে কোপ দিলে তিনি মাথায় আঘাত পান। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপাচার্যের বাসার দারোয়ানের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগের কয়েকজন কর্মকর্তা জানান, দুর্বৃত্তদের সবার মুখোশ পরা ছিল। পরনে হাফপ্যান্ট থাকায় প্রথমে ডাকাতির চেষ্টা বলে ধারণা করছিল সবাই। কিন্তু তাদের বয়স ২০-২৫ হওয়ায় এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়। প্রায় আধা ঘণ্টা সময় নিয়ে তারা বাসায় ঢোকার চেষ্টা করে। একপর্যায়ে দারোয়ান বাধা দিলে চিৎকার-শোরগোল শুরু হয়। এ সময় আশপাশের বাসার লোকজন উপাচার্যের বাসার দিকে এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শুরুতে ঘটনাটি ডাকাতির চেষ্টা বলে মনে হয়েছিল। পরে ঘটনার বর্ণনা শুনে মনে হয়েছে এটি দুর্বৃত্তপনা। বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত এলাকায় এ রকম ঘটনা সংঘটিত হয় কেমন করে—এ জন্য বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
গতকাল সকালে ঘটনাটি ক্যাম্পাসে জানাজানি হলে প্রথমে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচির আয়োজন করলে সেখানে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও একাত্ম হন। সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলে এ কর্মসূচি।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় দ্রুতগতিতে এগোচ্ছে। তখনই উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে বাসায় হামলার চেষ্টা হয়েছে। ঘটনার পেছনে নিছক দস্যুতা না অন্য কিছু—তা খতিয়ে দেখার অবকাশ রয়েছে। তাঁরা মুখোশ পরা দুর্বৃত্তদের শনাক্ত করার পাশাপাশি উপাচার্যের বাসার নিরাপত্তা বাড়ানোর দাবি জানান।
মহানগর পুলিশের শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন জানান, একটি সাধারণ ডায়েরি করে ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। পুলিশের একটি দল ক্যাম্পাসে অবস্থান করে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছে।