মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এক ছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অমর একুশে হলের তিন ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁরা হলেন প্রথম বর্ষের ছাত্র রাতুল হাসান, আমিরুল ইসলাম ও নাজমুস সাকিব।
গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে অনুমতি ছাড়া গভীর রাত পর্যন্ত হলের বাইরে থাকায় ওই ছাত্রী ও তাঁর সহপাঠীকে কারণ দর্শাতে বলেছে বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী গতকাল প্রথম আলোকে বলেন, এ ঘটনা তদন্তে সহকারী প্রক্টর মো. মাকসুদুর রহমানকে প্রধান করে দুই সদস্যের একটি কমিটি করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে বেগম রোকেয়া হলের এক ছাত্রী এক সহপাঠী ও এক প্রবাসী বন্ধু মিলে টিএসসিতে আড্ডা দিচ্ছিলেন। রাত দেড়টার দিকে ক্যাম্পাসে টহলরত প্রক্টরিয়াল বডির সদস্যরা তাঁদের দেখতে পান এবং টিএসসি থেকে চলে যাওয়ার নির্দেশ দেন। এরপর ওই ছাত্রীসহ তিনজন বাংলা একাডেমির রাস্তা ধরে হাঁটতে থাকেন। সেখানেই তাঁদের আটকান অমর একুশে হলের কয়েকজন ছাত্র। একপর্যায়ে একুশে হলের ওই ছাত্ররা ওই ছাত্রীকে লাঞ্ছিত করেন। তাঁর চিৎকার শুনে কাছাকাছি থাকা পুলিশ গিয়ে ঘটনায় জড়িত দুজনকে হাতেনাতে এবং আরও একজনকে পরে আটক করে। শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় থানায় কেউ মামলা না করেনি। তাই আটক তিনজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে চালান দেওয়া হয়েছে।