মধ্যরাতে 'মাতলামি' ছাত্রলীগের তিনজন গ্রেপ্তার
বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সভাপতি বিশ্বজিৎ কুমার সাহাসহ (২৫) ছাত্রলীগের অপর দুই কর্মী জয়পুরহাটের কালাই থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। গত শনিবার দিবাগত রাতে উপজেলা সদরের পাঁচশিরা বাজারে ‘মাতলামি’ করায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে কালাই থানা পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন জেলা ছাত্রলীগের কর্মী গোলাম কুমার সাহা (৩১) ও রিপন হোসেন (২৮)। তাঁদের তিনজনের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলায়।
কালাই থানার এসআই আলমগীর হোসেন বলেন, ওই তিন যুবক শনিবার রাত দেড়টার দিকে কালাই পৌর শহরের পাঁচশিরা বাজারে ‘মাতলামি’ করছিলেন। এ সময় টহল পুলিশের একটি দল তাঁদের আটক করে। পরে তাঁদের আটকাদেশ দিয়ে আদালতে পাঠানো হয়।
থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘মাতলামি’ করলেও ওই যুবকদের কাছে কোনো মাদক পাওয়া যায়নি। তাই ৩৪ ধারায় আটকাদেশ দিয়ে গতকাল তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক অবশ্য বলেন, ‘শুনেছি রাতে একই মোটরসাইকেলে চেপে ওই তিনজন জয়পুরহাট থেকে বগুড়া আসার পথে পুলিশ সন্দেহভাজন হিসেবে তাঁদের আটক করে। ‘মাতলামি’র অভিযোগ মনে হয় ঠিক না।’