মনজুড়ে তাঁর দগদগে ঘা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুই সপ্তাহ ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শয্যায় শুয়ে আছেন বেসরকারি প্রতিষ্ঠানের এক নারী কর্মকর্তা। তাঁর সারা মুখে, গলায় আঘাতের চিহ্ন। চিকিৎসকদের চেষ্টায় ধীরে ধীরে তাঁর মুখের ক্ষত শুকাতে শুরু করেছে, কিন্তু মনজুড়ে তাঁর দগদগে ঘা। বিয়ের ছয় মাসের মাথায় স্বামীর নির্যাতনের শিকার এই তরুণী ঘুমের মধ্যেও আঁতকে উঠছেন, বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন।
গত ২৩ জানুয়ারি নগরের চকবাজার এলাকার চক ভিউ মার্কেটের চারতলার শৌচাগার থেকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয় ওই তরুণীকে। স্বামী ও শাশুড়ি যৌতুকের জন্য তাঁকে ওই মার্কেটে ডেকে নিয়ে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ তাঁর পরিবারের। তাঁর স্বামী আবদুল সামি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। মামলার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, ‘ঘটনার তদন্তে মনে হচ্ছে, সুপরিকল্পিতভাবে তরুণীকে হত্যার চেষ্টা করা হয়েছে। পুরো পরিবার নিয়ে আসামিরা আত্মগোপনে রয়েছেন। তাঁদের বাসায় তালা ঝুলছে, তরুণীর স্বামী কর্মস্থলেও অনুপস্থিত। তাঁকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি।’
২০০৯ সালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর শেষে চট্টগ্রাম ইপিজেডে একটি প্রতিষ্ঠানে চাকরি শুরু করেন ওই তরুণী। গত বছরের ৩১ জুলাই পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়।
নির্যাতনের শিকার তরুণীর বাবা মো. আকতার উদ্দিন প্রথম আলোকে বলেন, বিয়ের পর থেকে তাঁর মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন নানাভাবে অপদস্থ করতেন। ঘটনার কয়েক দিন আগে থেকেই মেয়ের কাছে ১০ লাখ টাকা দাবি করেন স্বামী। এ নিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য চলছিল।
পরিবারের অভিযোগ, ২৩ জানুয়ারি জরুরি কাজের কথা বলে কর্মস্থল থেকে ওই তরুণীকে জিইসি এলাকায় আসতে বলেন স্বামী। সেখান থেকে তাঁরা দুপুরে চক ভিউ মার্কেটের চারতলায় নিয়ে যান। চারতলায় কোনো পণ্যসামগ্রীর দোকান নেই। সেখানে কয়েকটি কোচিং সেন্টার রয়েছে। ওই সময় চারতলার কোচিং সেন্টারগুলো বন্ধ ছিল। চারতলায় নিয়ে তাঁকে গলায় ফাঁস দিয়ে মারার চেষ্টা করেন স্বামী। এ সময় তাঁর শাশুড়িও উপস্থিত ছিলেন। একপর্যায়ে তাঁকে শৌচাগারে নিয়ে অচেতন করে মা-ছেলে পালিয়ে যান।
অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলে ওই তরুণীর স্বামী, শাশুড়ি ও শ্বশুরের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। নাসিরাবাদ হিল ভিউ এলাকার যে বাসায় তাঁরা থাকেন, সেটিও গতকাল তালাবদ্ধ দেখা গেছে। বাসার সামনে আমির হোসেন নামের এক নিরাপত্তাকর্মী জানান, প্রায় দুই সপ্তাহ ধরে এ বাসায় কেউ থাকছেন না।
ওই তরুণীর মা নারগিস আক্তার জানান, তাঁর মেয়ে সারাক্ষণই একধরনের ঘোরের মধ্যে থাকছেন। সন্ধ্যা হলেই বেশি অস্থির হয়ে পড়েন। মাঝে মাঝেই ঘুমের মধ্যেও ‘আব্বা বাঁচাও, আম্মা বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলল’ বলে চিৎকার করে উঠছেন।
বাবা মো. আকতার উদ্দিন বলেন, ‘আসামিরা গ্রেপ্তার না হওয়ায় আমরা আতঙ্কিত।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আনিসুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ওই তরুণী এখন শঙ্কামুক্ত। কিন্তু সব সময় তাঁর মধ্যে একধরনের ভীতি কাজ করছে।