মনজুরুল হত্যা: জামায়াতের ২ কর্মী আটক
সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে জামায়াতে ইসলামীর দুই কর্মীকে আটক করেছে পুলিশ। আজ রোববার ভোরে সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রাম ভদ্র কদমেরতল গ্রামের কাদের মিয়া (৩৮) ও একই উপজেলার বামনডাঙা ইউনিয়নের মনমথ গ্রামের মোহাম্মদ আলী (৪৭)।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান আজ রোববার দুপুরে মোবাইলে প্রথম আলোকে বলেন, সাংসদ হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে জামায়াতে ইসলামীর দুই কর্মীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় নাশকতার মামলা রয়েছে।
গত বছরের শেষ দিনে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে সাংসদ মনজুরুল ইসলাম লিটন নিহত হন।