মনপুরায় জলদস্যুদের হামলা, ১২ জেলে অপহরণ
ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে গতকাল রোববার ভোরে ২৭টি মাছ ধরার ট্রলারে দস্যুরা হামলা করেছে। তারা ১২ জন জেলেকে অপহরণ করেছে। পুলিশ ও কোস্টগার্ড অপহৃত জেলেদের উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে।
মনপুরা উপজেলার রামনেওয়াজ বাজারের এক আড়তদার ও দস্যুর কবল থেকে ফেরা কয়েকজন জেলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিদিনের মতো তাঁরা উপজেলার ঢালচরের পূর্ব দিকে মেঘনা নদীতে জাল পেতে অপেক্ষা করছিলেন। ভোর চারটার দিকে নোয়াখালীর হাতিয়ার দিক থেকে আসা একদল জলদস্যু তাঁদের ওপর হামলা করে। হামলাকারীরা হাতিয়ার জলদস্যু বাহিনীর প্রধান আলাউদ্দিন, কৃষ্ণ, রুবেল ও আরিফ। দস্যুরা এ সময় গুলি চালায় এবং ট্রলারগুলো এক জায়গায় করে। তারা এ সময় ২৭টি ট্রলারের কয়েক লাখ টাকার মাছ ও মালামাল লুট করে। পরে তারা ১২টি ট্রলার ও এর জেলেদের অপহরণ করে।
অপহৃত জেলেরা হলেন জাহাঙ্গীর হোসেন, মো. গিয়াসউদ্দিন, আবু মাঝি, গিয়াসউদ্দিন মাঝি, জামালউদ্দিন মাঝি, নুরে আলম, আলাউদ্দিন মাঝি, জামালউদ্দিন মাঝি, ইলিয়াস মাঝি, সুজন মাঝি, মো. সেলিম মাঝি ও শাহাবুদ্দিন মাঝি।