মনপুরায় পাঁচ জেলেকে অপহরণ, গুলিবিদ্ধ ২
ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে গতকাল শুক্রবার ভোরে জলদস্যুরা একটি মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। এ সময় জলদস্যুদের গুলিতে দুই জেলে আহত হন।
দস্যুদের ছোড়া ছররা গুলিতে আহত দুই জেলে হলেন মো. ছালাউদ্দিন ও মনির।
পুলিশ ও গুলিবিদ্ধ জেলেরা জানান, মনপুরার পূর্ব দিকেজাগলার চর ও বদনার চরের মধ্যবর্তী এলাকায় গতকাল ভোর পাঁচটার দিকে ১০-১২ জন দস্যু একটি ট্রলারে করে এসে অতর্কিতে ওই মাছ ধরার ট্রলারে হামলা চালায়। এ সময় হামলাকারীদের গুলিতে ওই দুজন আহত হন। আহত দুজন ট্রলার নিয়ে পালিয়ে আসতে সক্ষম হলেও দস্যুরা জেলে নেছার মাঝি, খোরশেদ মাঝি, ফারুক মাঝি, জাহাঙ্গীর মাঝি ও জাফর মাঝিকে অপহরণ করে নিয়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে মনপুরার রামনেওয়াজ মাছঘাটের এক আড়তদার বলেন, অপহৃত জেলেদের ছাড়িয়ে আনতে মুঠোফোনে জনপ্রতি ৬০ হাজার টাকা করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। এ জন্য বিকাশ নম্বর দেওয়া হয়েছে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান বলেন, খবর পেয়ে পুলিশ নদীতে টহলে নেমেছে।