মনপুরায় পুলিশ-ব্যবসায়ী সংঘর্ষ, আহত ৪০

ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট বাজারে পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩০ ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়াসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে মনপুরা উপজেলার হাজিরহাট বাজারে ফুটপাত দখলমুক্ত করতে যায় পুলিশ। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান উপজেলা সড়কের ফুটপাতের ফলের দোকান সরিয়ে নিতে বলেন। কিন্তু দোকান সরিয়ে না নেওয়ায় ফল ব্যবসায়ী হারুন অর রশিদ, মো. হাসান ও আবদুর রহমানকে পুলিশ মারধর করে এবং ফলের দোকান ভেঙে দেয়। এ ঘটনায় ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিকভাবে দোকানপাট বন্ধ করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করেন।
একপর্যায়ে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। এ সময় পুলিশ ব্যবসায়ীদের ওপর শটগানের গুলি ছোড়ে। সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পুলিশ ও ব্যবসায়ীদের এ সংঘর্ষে প্রায় ৪০ জন আহত হন। এর মধ্যে সাতজন পুলিশ সদস্য রয়েছেন।
মনপুরা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, বিনা নোটিশে পুলিশ ব্যবসায়ীদের ফলের দোকান উচ্ছেদ করেছে। ব্যবসায়ীরা দোকান সরিয়ে নিতে দেরি করায় তাঁদের পিটিয়ে জখম করেছে। রুটিরুজির ফল রাস্তায় ফেলে দিয়েছে। এর প্রতিবাদে ব্যবসায়ীরা শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করলেও পুলিশ নিরীহ ব্যবসায়ীদের ওপর গুলি চালায়। পুলিশের ছোড়া গুলিতে দৈনিক ভোরের পাতার মনপুরা প্রতিনিধি নজরুল ইসলাম মামুন, ব্যবসায়ী সোয়েব, মো. ইব্রাহীম, আবু তাহের, শরিফ, নুরুউদ্দিন, তরিকুল ইসলাম, আরিফ, হারুন, কবির, নাহিদ, হারুন, রাকিব, হোসেন, লিটন ফরাজী, মোসলেহ উদ্দিন, জামাল নুরুউদ্দিন, নুর ইসলাম, কুটি মাঝি, আবদুর রহমানসহ ৩০ জন গুলিবিদ্ধ হয়েছেন।
মনপুরা থানার ওসি শাহীন খান বলেন, রাস্তার ওপর ফলের দোকান উচ্ছেদ করতে গেলে ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ইট-পাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের গুলি করা হয়। ব্যবসায়ীদের ছোড়া ইটের আঘাতে তিনি নিজেসহ এএসআই প্রদীপ, পুলিশ সদস্য জুনায়েদ, আরিফ, জসিম, আবদুল হালিম ও নাইম আহত হয়েছেন।
আহত ৩৪ জনকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ৩০ জন গুলিবিদ্ধ। দুজনের অবস্থা গুরুতর। তাঁদের একজনকে ঢাকায় এবং অপরজনকে ভোলায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মাহমুদুল হাসান। থানায় গিয়ে চিকিৎসকেরা ১২ জন পুলিশ সদস্যকে চিকিৎসা দিয়েছেন বলে জানান তিনি।