মনপুরায় বেড়েছে জলদস্যুর উপদ্রব
ভোলার জলবেষ্টিত মনপুরা উপজেলায় জলদস্যুদের উপদ্রব বেড়েছে। দস্যুরা প্রায়ই জেলেদের নৌকায় হানা দিয়ে সব লুট করে নেয়। এ ছাড়া জেলেদের অপহরণ করে। গত তিন মাসে দুই শতাধিক মাছধরা নৌকা লুটপাটের শিকার হয়েছে। জলদস্যুদের গুলিতে নিহত হয়েছেন চার জেলে। আহত ও অপহৃত জেলের সংখ্যা শতাধিক।
জলদস্যুদের অত্যাচার-নির্যাতনের শিকার বেশ কয়েকজন জেলে প্রথম আলোকে বলেন, এ উপজেলার পূর্ব দিকে মেঘনা। নদীটির পূর্ব-দক্ষিণে নোয়াখালীর হাতিয়া উপজেলা। সেখানে চরে ও জঙ্গলে দস্যুদের আস্তানা আছে। পুলিশ ও কোস্টগার্ডের ক্যাম্পও রয়েছে। কিন্তু নদীতে কোনো টহল নেই। মনপুরার মেঘনায়ও টহল দেওয়া হয় না। এই সুযোগে হাতিয়া দ্বীপের জঙ্গলে থাকা দস্যুরা দ্রুতগামী ট্রলারে এসে হানা দিয়ে জেলেদের অপহরণ করে নিয়ে যায়। পালানোর চেষ্টা করলেই গুলি ছোড়ে। চলতি মৌসুমে মেঘনার জলসীমানায় পুলিশ বা কোস্টগার্ডের টহল ছিল না। ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছিল বলে নদীতে ছিল সারি সারি জেলেনৌকা।
নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন জেলে বলেন, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মাছঘাটগুলোতে জলদস্যুদের গুপ্তচর রয়েছে। তাঁরা জেলেসহ সবার গতিবিধি লক্ষ রাখে। দস্যুদের জানিয়ে দেয়। সুযোগ বুঝে দস্যুরা সব লুটে নেয়।
২ অক্টোবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, তিনজন জেলে চিকিৎসাধীন। তাঁরা বলেন, গত ২৯ সেপ্টেম্বর ভোরে ৩০টি নৌকায় দস্যুরা হানা দেয়। তখন গুলিতে দুই জেলে নিহত হন। তাঁরা হলেন মনপুরা উপজেলার আবু কালাম ও তজিমুদ্দিন উপজেলার শফিক মহাজন। এ ছাড়া আহত হন আরও অন্তত ১৫ জন। অপহৃত হন পাঁচজন। তাঁদের প্রত্যেকে ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দিয়ে মুক্ত হয়েছেন। মুক্ত হওয়া জেলেদের একজন মো. ইউসুফ মাঝি (৪৫)। তিনি বলেন, দস্যুরা তাঁকে প্রথমে মনপুরা উপজেলার বদনার চরের মেঘনা নদী থেকে অপহরণ করে নিয়ে যায়। তাঁর সঙ্গে আরও চারজন মাঝিকেও অপহরণ করা হয়। তাঁদের নেওয়া হয় হাতিয়ার উড়িরচর জঙ্গলে। তিনি আরও বলেন, দস্যুরা মুক্তিপণের জন্য তাঁর গলা টিপে ধরত। প্রথমে নির্যাতনের মাত্রা কম থাকে। পরে এর মাত্রা বৃদ্ধি পায়। নির্যাতনের সময় দস্যুরা বলে, টাকা ছাড়া মুক্তি নাই। টাকা দিয়ে তারা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ম্যানেজ করেই দস্যুতায় নেমেছে। দস্যুতা তাদের কাছে ব্যবসা। মুক্তিপণ পাঠালে অপহরণের প্রায় ২৩ ঘণ্টা পর মুক্তি দেওয়া হয় তাঁদের।
মনপুরার রিজিরখাল মাছঘাটের কয়েকজন জেলে বলেন, চলতি বছর এ সময়ের মধ্যে তাঁদের ঘাটের ৩৫ জন জেলে দস্যুর কবলে পড়েন। মহসিন ও আবুল কালাম মাঝি নামে দুজন দস্যুর গুলিতে মারা গেছেন। অপহৃত হন ২৫ জেলে। তাঁরা মুক্তিপণ দিয়ে মুক্তি পান। জুলাইয়ের মাঝামাঝি সময় দস্যুদের গুলিতে উপজেলার চর ফয়জুদ্দিনের মো. মহসিন ও দক্ষিণ সাকুচিয়ার জসিম মাঝি নিহত হন।
রামনেওয়াজ মাছঘাটের বাসিন্দা আবদুল মমিন বলেন, আগে দস্যুরা জাল-মাছ, মালামাল নিত। এখন জেলেদের অপহরণ করছে। তাঁদের ঘাটের অর্ধশতাধিক জেলে অপহরণের শিকার হন। পরে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হয়।
একই ঘাটের মৎস্য-আড়তদার টিটু ভূঁইয়া বলেন, কোস্টগার্ড ইচ্ছে করলে দস্যু দমন করতে পারে। তারা তা না করে গরিব জেলেদের পিটিয়ে মাছ কেড়ে নিচ্ছে। এসব অভিযোগে মনপুরা থানায় মৎস্য-আড়তদারের পক্ষ থেকে সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।
জানতে চাইলে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান জিডি হওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মনপুরা থানার নিজস্ব কোনো নৌযান নেই। নেই সরকারি বরাদ্দ। মৎস্য ব্যবসায়ী ও জেলেদের কাছে ট্রলার চাইলে তাঁরা ট্রলার দিতে রাজি হন না। তারপরও তাঁরা সক্রিয় অভিযান চালিয়ে একাধিক জলদস্যু আটক করেছেন। কিন্তু আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে তারা আবার দস্যুতায় নামছে। দস্যু দমনে জনপ্রতিনিধি ও রাজনীতিবিদেরাও অসহযোগিতা করছেন।
হাতিয়া থানার ওসি গোলাম ফারাক বলেন, হাতিয়ায় অসংখ্য জঙ্গল। ইচ্ছে করলেই দস্যু দমন করা সম্ভব নয়।
টহল না দেওয়ার অভিযোগ অস্বীকার করলেও হাতিয়া কোস্টগার্ডের স্টেশন ম্যানেজার লে. ওমর ফারুক আর কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
কোস্টগার্ডের দক্ষিণাঞ্চলীয় অভিযান কর্মকর্তা লে. নাজিউর রহমান বলেন, মনপুরাতে একটি ক্যাম্প বসানো জরুরি। কিন্তু মন্ত্রণালয় অনুমোদন দিচ্ছে না। তবে মা-ইলিশ রক্ষায় অস্থায়ী ক্যাম্প হবে।
ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন বলেন, তিনি মনপুরা পরিদর্শন করে জেলেদের সমস্যার কথা শুনেছেন। এরপর টহল জোরদার করেছেন। তিনি আরও বলেন, হাতিয়ার জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও সক্রিয় হলে দস্যুতা প্রতিরোধ করা সম্ভব।