মনপুরায় ১৪৪ ধারা জারি
আওয়ামী লীগ সমর্থিত দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের আশঙ্কায় ভোলার মনপুরায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ হোসেন খান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ শনিবার সকাল ৬টা থেকে উপজেলার রামনেওয়াজ বাজার, মৎস্যঘাট ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে মনপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন হাওলাদারের সমর্থকদের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সমর্থকদের টাকা লেনদেনের বিষয় নিয়ে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষ থামাতে পুলিশকে গুলি ছুঁড়তে হয়। ওই ঘটনার পর বিবাদমান ওই দুই পক্ষ গতকাল শুক্রবার বিকেলে মাইকিং করে রামনেওয়াজ বাজারের একই স্থানে আজ (শনিবার) বিকেলে সমাবেশ করার ঘোষণা দেয়। এ নিয়ে জনমনে আতঙ্ক দেখা দিলে ফের সংঘর্ষ এড়াতে প্রশাসন শুক্রবার সন্ধ্যায় মাইকিং করে ১৪৪ ধারা জারির কথা ঘোষণা করে।
মনপুরা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপরিদর্শক (এসআই) মো. আলী বলেন, রামনেওয়াজ বাজারে ৩০ জন পুলিশ মোতায়েন আছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। বাজারের দোকানপাট খোলা আছে। লোকজন কেনাকাটা করে বাড়ি ফিরতে পারবেন; কিন্তু কোনো জমায়েত করা যাবে না।