চাঁদপুরে হাজীগঞ্জে এইচএসসি পরীক্ষায় অনৈতিক সুবিধা না পেয়ে একটি কলেজে ভাঙচুর চালিয়েছে পরীক্ষার্থীরা।
গত শনিবার দুপুরে বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে।
শনিবার বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের উচ্চতর গণিত বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়েছে। উচ্চতর গণিত বিষয়ে ২২১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। পরীক্ষার সময় হল পর্যবেক্ষকের দায়িত্বে থাকা শিক্ষকদের নজরদারির কারণে অনেক পরীক্ষার্থী হলে সুবিধা না পেয়ে পরীক্ষার পর ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ৪০-৫০ জন পরীক্ষার্থী একজোট হয়ে কলেজে ভাঙচুর চালায়।
বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রব সিকদার বলেন, শনিবার বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের শেষ পরীক্ষা ছিল। পরীক্ষার সময় সুবিধা করতে না পেরে পরীক্ষার পর তারা জড়ো হয়ে কলেজের মূল ফটক, বেশ কিছু বেঞ্চ, চারটি কক্ষের দরজা-জানালা, জগ ও গ্লাস ভাঙচুর করে। পরে কলেজের শিক্ষক ও স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। অধ্যক্ষ বলেন, এর আগে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার পরও তারা কলেজ ক্যাম্পাসে ভাঙচুর করেছে।
অধ্যক্ষ আরও বলেন, ‘শনিবার সন্ধ্যায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষকেরা এসে আমাদের সঙ্গে বৈঠক করেছেন। তাঁরা ঘটনার জন্য আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছেন।’
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ জানান, পরীক্ষার্থীরা মনমতো তাদের পরীক্ষা দিতে পারেনি। এ জন্য তারা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর করেছে। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় বলাখাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বিষয়টি সমাধান হয়ে গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলী রেজা আশ্রফি বলেন, পরীক্ষায় নকল করার সুযোগ ছিল না। হলের মধ্যে হল পর্যবেক্ষকদের কড়াকড়ির কারণে তারা একে অন্যের সঙ্গে দেখাদেখি করে লিখতে পারেনি। ছাত্রদের অবস্থা বেগতিক দেখে কলেজের শিক্ষকদের সহায়তায় লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দিলে ছাত্ররা চলে যায়। এ সময় পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়।