মনিরামপুরে ঋষিপল্লিতে হামলা, দুটি ঘরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় যশোরের মনিরামপুর উপজেলার পাড়ালা ঋষিপল্লিতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় ঋষিপল্লির দুটি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। মারধর করা হয়েছে অন্তত ১৫ জনকে। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
হামলার ঘটনায় পাড়ালা ঋষিপল্লির অধীর দাস বাদী হয়ে মনিরামপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে হামলাকারী হিসেবে ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, সাতগাতি আম্রঝুটা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির কয়েকজন ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে বাহিরঘরিয়া গ্রামের ইব্রাহিম হোসেন, পাড়ালা গ্রামের মামুন ও রিমন উত্ত্যক্ত করতেন। এক ছাত্রী বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে জানায়। গত বুধবার স্কুল ব্যবস্থাপনা কমিটি বিষয়টি নিয়ে আলোচনা করে। এ সময় অভিযোগের বিষয়টি জানাজানি হলে শনিবার বিকেলে ইব্রাহিমের নেতৃত্বে কয়েকজন লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে ঋষিপল্লিতে হামলা চালান। একপর্যায়ে তাঁরা ঋষিপল্লির গোবিন্দ, মুকুন্দ ও নীলপদ দাসের ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
হামলায় আহত হন ঋষিপল্লির গোবিন্দ দাস, মুকুন্দ দাস, জিতেন্দ্র দাস, পূর্ণিমা দাস, জয়দেব দাস, সকালী রানী দাস, অধীর দাস, নীল কুমার দাসসহ অন্তত ১৫ জন।
মনিরামপুরে নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রকিবুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানতে চাইলে রকিবুজ্জামান প্রথম আলোকে বলেন, স্কুলের ছাত্রীদের উত্ত্যক্তের জেরে ইব্রাহিমের নেতৃত্বে কয়েকজন ঋষিপল্লিতে হামলা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ সময় ছয়জন আহত হয়েছেন। এ বিষয়ে উত্ত্যক্তের শিকার ছাত্রীর বাবা অধীর দাস বাদী হয়ে একটি এজাহার দিয়েছেন। হামলাকারীরা সবাই পলাতক আছেন।
মনিরামপুর থানার ওসি তাহেরুল ইসলাম জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।