মনিরামপুরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
যশোরের মনিরামপুর উপজেলায় এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার ডুমুরখালী বাজারে ওই ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রের নাম সবুজ হোসেন (১৭)। সে ঝিকরগাছার বাঁকড়া ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র ছিল। সবুজ ডুমুরখালী গ্রামের আকবর আলী মোড়লের ছেলে।
নিহত সবুজের ভাই রাকিব হোসেন বলেন, গতকাল বেলা আড়াইটার দিকে সবুজ বাড়ি থেকে স্থানীয় ডুমুরখালী বাজারে যায়। সেখানে এক দোকানে বসে থাকা অবস্থায় একই গ্রামের জসীম পূর্বশত্রুতার জের ধরে সবুজের ওপর অতর্কিত হামলা চালায়। জসীম ধারালো দা দিয়ে সবুজের ঘাড়ে কোপ দেয়। আশপাশের লোকজন সবুজকে দ্রুত উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবীর প্রথম আলোকে বলেন, নিহত সবুজ ও হামলাকারী জসীম পরস্পর বন্ধু। মাদক-সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। এর জেরে হত্যার ঘটনা ঘটে থাকতে পারে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে জসীম পলাতক আছে।