মনিরামপুরে চোর সন্দেহে পিটুনিতে এক ব্যক্তি নিহত
যশোরের মনিরামপুর উপজেলায় চোর সন্দেহে পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম রবিউল ইসলাম সরদার (৩৫)। তাঁর বাড়ি উপজেলার বালিদহ গ্রামে। তিনি খুলনার ফুলতলা উপজেলার সুপার জুট মিলের শ্রমিক ছিলেন। গত মঙ্গলবার উপজেলার মাহমুদকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, রবিউল সোমবার রাতে মাহমুদকাটি গ্রামের জোবায়ের হোসেনের বন্ধ মুদির দোকানের শার্টারের নিচে বাঁশ ঢুকিয়ে অভিনব কায়দায় চুরি করার চেষ্টা চালাতে থাকেন। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে তাঁকে ধরে পিটুনি দেন। এরপর সংকটাপন্ন অবস্থায় তাঁরা তাঁকে দোকানের সামনে ফেলে রেখে যান। পরদিন মঙ্গলবার এলাকার কয়েকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। পথে তাঁর মৃত্যু হয়।
খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সরদার মুজিবর রহমান জানান, তিনি খবর পেয়ে একজন চৌকিদার ও একজন দফাদারকে ঘটনাস্থলে পাঠিয়ে রবিউলকে উদ্ধার করে ভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বলেন। পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, চুরি করার সময় রবিউল হাতেনাতে ধরা পড়েন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে পিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।