মনিরামপুরে দুই কিশোরী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ৪
যশোরের মনিরামপুর উপজেলায় মামাতো-ফুপাতো বোন দুই কিশোরীকে ধর্ষণ ও এ দৃশ্য ভিডিও করে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার বিকেলে মনিরামপুর থানায় এক কিশোরীর করা মামলায় পাঁচজনকে আসামি করা হয়। তাঁরা হলেন উপজেলার চালকিডাঙ্গা গ্রামের ইয়াকুব আলী (২০), টুনিয়াঘরা গ্রামের ইস্রাফিল হোসেন (২০), আলামিন হোসেন (১৮), আলমগীর হোসেন (১৭) ও ইমন শেখ (১৮)।
এজাহারে বলা হয়, ১২ ফেব্রুয়ারি বিকেলে ওই দুই কিশোরী উপজেলার চালকিডাঙ্গা বাজার থেকে বাড়ি ফিরছিল। বেগারিতলা এলাকায় পৌঁছালে ইয়াকুব, ইস্রাফিল, আলামিন, আলমগীর ও ইমন তাদের জোর করে পাশের একটি বাগানে নিয়ে যান। এরপর ইয়াকুব ও ইস্রাফিল তাদের ধর্ষণ করেন। আলামিন, আলমগীর ও ইমন এ ঘটনার ভিডিও চিত্র ধারণ করেন। পরে ইস্রাফিল সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেন।
ধর্ষণের শিকার দুই কিশোরীর মধ্যে একজন এবারের এসএসসি পরীক্ষার্থী। গতকাল শুক্রবার যশোর জেনারেল হাসপাতালে তাদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ওই দুই কিশোরী ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাতে ইয়াকুব, আলমগীর ও ইমনকে এবং গতকাল ইস্রাফিলকে গ্রেপ্তার করেছে। তাঁরা পুলিশের কাছে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পলাতক অপর আসামিকে ধরার জোর চেষ্টা চলছে।