মনিরামপুরে বাসের ছাদ থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলার ফতেহাবাদ এলাকায় গতকাল শনিবার যশোর থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসের ছাদ থেকে এক যুবকের (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ ওই যুবকের পরিচয় জানতে পারেনি।

মনিরামপুর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী মাশ-আল্লাহ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস গতকাল সকাল সাড়ে সাতটার দিকে মনিরামপুর উপজেলার ফতেহাবাদ এলাকায় পৌঁছায়। এ সময় বাসটি থামিয়ে বাসের চালক ও তাঁর সহকারী ছাদে লাশ রয়েছে বলে পালিয়ে যান। বাসের যাত্রীরাও এ সময় সটকে পড়েন। খবর পেয়ে সকাল পৌনে আটটার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা বাসের ছাদ থেকে লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। লাশের কপালের বাম পাশে ও নাকে আঘাতে থেঁতলে যাওয়ার চিহ্ন রয়েছে। মরদেহের পাশ থেকে একটি থলেতে ভেজা লুঙ্গি ও গেঞ্জি পাওয়া গেছে।