মনিরামপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
যশোরের মনিরামপুর উপজেলায় খেদাপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহিনকে (৩৫) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে স্থানীয় কাঁঠালতলা বাজারসংলগ্ন এলাকায় তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।
শাহিন মনিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি আড়ৎদারির ব্যবসা করতেন।
পুলিশের দাবি, এলাকায় ক্ষমতাসীন দলের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে মনিরামপুর থানায় মারামারির পাল্টাপাল্টি দুটি মামলাও হয়েছে। ওই কোন্দলের জেরে শাহিন খুন হতে পারেন।
তবে শাহিনের পরিবারের দাবি, স্থানীয় জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা তাঁকে হত্যা করতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা আড়াইটার দিকে শাহিন ও তাঁর সঙ্গী মাসুদ বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পথরোধ করে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় মাসুদ দৌড়ে পালিয়ে যান। দুর্বৃত্তরা চারটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
শাহিনের ভাই মিজানুর রহমান প্রথম আলোকে জানান, দুপুরে না খেয়েই শাহিন বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। এ সময় সঙ্গে মাসুদ নামে তাঁর এক বন্ধু ছিলেন। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে যাওয়ার পর স্থানীয় ‘জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা’ তাঁকে কুপিয়ে পালিয়ে যায়। মাসুদকে পাওয়া যাচ্ছে না বলেও তিনি জানান।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহম্মেদ প্রথম আলোকে জানান, স্থানীয় আধিপত্য নিয়ে সরকারদলীয় মনিরামপুর আসনের সাবেক সাংসদ খান টিপু সুলতান ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুর অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সাংসদ পক্ষের নেতৃত্বে মনিরামপুর পৌরসভার কাউন্সিলর ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আদম আলী আর চেয়ারম্যান পক্ষের নেতৃত্বে আছেন স্থানীয় রহমান ও গফফার। নিহত শাহিন ছিলেন আদম আলীর পক্ষের।
ওসি আরও জানান, দুই পক্ষের মধ্যে সারাক্ষণই ছোটখাটো সংঘর্ষ লেগেই থাকে। ৩ জানুয়ারি আদম আলী পক্ষের জাফর বাদী হয়ে রহমান, গফফারসহ কয়েকজনকে আসামি করে মারামারির একটি মামলা করেন। এর দুদিন পর ৫ জানুয়ারি রহমান পক্ষের রুবেল বাদী হয়ে আদম আলী, শাহিনসহ কয়েকজনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন। এ মামলার আসামি শাহিন খুন হয়েছেন।