মনিরামপুরে সৈনিক লীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুরে সৈনিক লীগের নেতা আবদুল লতিফ শেখকে (৩৮) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে উপজেলার রতনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
লতিফ শেখ উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক। বাড়ি উপজেলার রতনদিয়া গ্রামে।
লতিফ শেখের ছোট ভাই ফারুক শেখ বলেন, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে লতিফ শেখ বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে স্থানীয় নেংগুড়হাট বাজারের দিকে যাচ্ছিলেন। গ্রামের মসজিদের কাছে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁকে উপর্যুপরি কোপাতে থাকে। লতিফ শেখ মাথা, হাত ও পিঠে মারাত্মক আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তিনি মারা গেছেন মনে করে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন লতিফ শেখকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফারুক শেখ বাদী হয়ে মনিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে রতনদিয়া গ্রামের হবিবর রহমান গাজীর ছেলে মুক্তার হোসেন, একই গ্রামের হাশেম দপ্তরির ছেলে মিশুক, বজলুর রহমানের ছেলে ইছাহাক, হাফেজ সরদারের ছেলে আবদুল হাই ও আতিয়ার রহমানের ছেলে ইকবাল হোসেনকে আসামি করা হয়েছে।
ফারুক শেখের দাবি, মুক্তারসহ অন্য আসামিরা এলাকায় চাঁদাবাজ ও ডাকাত হিসেবে পরিচিত। মুক্তারের বিরুদ্ধেই হত্যাসহ ১৫টি মামলা আছে। বিভিন্ন সময়ে তাঁদের অপকর্মের প্রতিবাদ করেছেন লতিফ শেখ। এতে তাঁর ওপর ক্ষিপ্ত ছিলেন আসামিরা।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন বলেন, মুক্তার এলাকায় ডাকাত হিসেবে পরিচিত। মুক্তারসহ ওই পাঁচজনের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় মামলা আছে। তবে কার বিরুদ্ধে কতটি মামলা আছে, তা জানাতে পারেননি তিনি। গতকালের ঘটনায় থানায় মামলার বিষয়টি নিশ্চিত করে ওসি বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।