মনিরামপুরে 'ডাকাতদের বন্দুকযুদ্ধে' নিহত ১
যশোরের মণিরামপুর উপজেলার ব্যাগারিতলা এলাকায় গুলিতে মাহাবুব (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলেছে, ডাকাত দলের দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলির সময় গুলিবিদ্ধ হয়ে মাহাবুব মারা গেছেন।
গতকাল সোমবার রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
তবে এ বিষয়ে নিহত মাহাবুবের পরিবারের বক্তব্য পাওয়া যায়নি। মাহাবুবের বাড়ি কেশবপুর উপজেলার ব্যালোকাটি গ্রামে।
মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ স্বাক্ষরিত লাশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, মণিরামপুরের ব্যাগারিতলা এলাকায় রাত পৌনে তিনটার দিকে একদল ডাকাত রাস্তার দুপাশে অবস্থান নেয়। তারা গাছ কেটে রাস্তার ওপরে ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হকের গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা গুলি করে ও বোমার বিস্ফোরণ ঘটায়। একপর্যায়ে ডাকাতদের ছোড়া বোমা ও গুলিতে মাহাবুব গুরুতর জখম হন। পরে তিনি মারা যান। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, মাহাবুবের বিরুদ্ধে কেশবপুর থানায় ডাকাতিসহ ১৪ টি মামলা রয়েছে। তাঁর পরিবারের সদস্যদের বক্তব্য জানার জন্য আজ সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত হাসপাতালের মর্গে অপেক্ষা করেও পরিবারের কাউকে পাওয়া যায়নি।