মনিরুল না শোনে ধর্মের কাহিনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল নোট বিক্রির মামলায় পাঁচ বছর সাজা খেটে ছয় মাস আগে মুক্তি পান মনিরুল ইসলাম। কিন্তু কারাগার থেকে বের হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়েন তিনি। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় দুই সহযোগীসহ মনিরুলকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে এক হাজার টাকার ১০০টি জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার করা মনিরুলের দুই সহযোগী হলেন জাহেদুল আলম ও শাহেদুল আলম।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুল স্বীকার করেছেন যে গত ছয় মাসে সাত লাখ টাকার জাল নোটের ব্যবসা করেছেন। জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, ঢাকা থেকে কালচে ধরনের ১০০টি এক হাজার টাকার জাল নোট ১২ হাজার টাকায় এবং লালচে ধরনের ১০০টি এক হাজার টাকার জাল নোট সাত হাজার টাকায় কেনেন। পরে জাল টাকার নোটগুলো বিভিন্ন কৌশলে হাতবদল করেন। জিজ্ঞাসাবাদে এ চক্রের সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।