মনে ক্ষোভ ছিল কিশোর অর্জুনের
রাজধানীর ধানমন্ডি লেক থেকে আজ মঙ্গলবার সকালে সুদীপ্ত দত্ত অর্জুন নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সুদীপ্ত পিলখানার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। সে এ বছরের এইচএসসি পরীক্ষার্থী। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মনে ক্ষোভ নিয়ে গত রোববার বাড়ি থেকে বের হয়ে যায় অর্জুন।
অর্জুনের লাশ ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজে করা হয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক প্রদীপ কুমারের ভাষ্য, পানিতে ডুবে অর্জুনের মৃত্যু হয়েছে বলে তাঁরা প্রাথমিকভাবে ধারণা করছেন। হত্যা করা হয়েছে—এমন কোনো আলামত তাঁরা পাননি।
আজ সকাল সাড়ে আটটার দিকে ধানমন্ডি লেকে একজনের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় সেখানে ঘুরতে আসা কয়েকজন ব্যক্তি। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। অর্জুন রায়ের বাজারে তাঁর পরিবারের সঙ্গে থাকত।
ধানমন্ডি লেক থেকে কিশোরের লাশ উদ্ধার
অর্জুনের বাবা অসীম কুমার দত্ত প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে একটু অন্তর্মুখী (ইন্ট্রোভার্ট) স্বভাবের ছিল। ভারত-পাকিস্তান ক্রিকেট খেলা দেখা নিয়ে তার মা বকা দেন। তা ছাড়া সম্প্রতি মেয়ের জন্মদিন পালন করা হলেও ছেলে অর্জুনের জন্মদিন পালন না করায় তার মধ্যে ক্ষোভ ছিল। সর্বশেষ খেলা দেখা নিয়ে মায়ের বকার কারণে রাতেই সে বাসা থেকে বের হয়ে যায়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হেলালউদ্দিন প্রথম আলোকে বলেন, ছেলেটির স্বাস্থ্যগত কিছু সমস্যা ছিল। এ নিয়ে তাকে অনেক কটু কথা শুনতে হতো। তা ছাড়া বাসা থেকে পড়াশোনার জন্য খুব চাপ দেওয়া হতো। পরিবারের ওপর রাগ করে গত ২৮ ফেব্রুয়ারি রোববার সে বাসা থেকে বের হয়ে যায়। এরপর তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সেখানে রাগ করে বাসা থেকে বের হওয়ার কথার উল্লেখ করা হয়েছে।
ওই কর্মকর্তা জানান, পুলিশ লাশ এনে থানায় রাখে। এরপর ছেলেটির মা ছন্দা দত্ত ও বোন এসে লাশ শনাক্ত করেন। দুই ভাই বোনের মধ্যে অর্জুন ছোট।