মনের মানুষকে বশ করতে গিয়ে...
মনের মানুষকে বশ করতে তান্ত্রিকের শরণাপন্ন হয়েছিল স্কুলছাত্র সালমান ফার্সি (১৬)। কিন্তু সুযোগ বুঝে ছেলেটির কাছে থাকা দেড় লাখ টাকাসহ দামি মুঠোফোন হাতিয়ে উধাও হন সেই তান্ত্রিক। পরে পুলিশের সহায়তায় ফার্সিকে অচেতন অবস্থায় মোটরসাইকেলসহ উদ্ধার করা হয়েছে। তবে তান্ত্রিককে আর পাওয়া যায়নি।
নাটোরের গুরুদাসপুর পৌর শহরের খামারনাচকৈড় মহল্লায় গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। ফার্সি ওই এলাকার ব্যবসায়ী আসাদ আলীর ছেলে।
ফার্সির মা শাবানা খাতুন বলেন, ফার্সির নানা দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত। ঝাড়ফুঁক ও গাছপাতায় এ ধরনের রোগীদের সারিয়ে তোলার নিশ্চয়তা দিয়ে তান্ত্রিক সপ্তাহ খানেক ধরে তাঁদের বাড়িতে থেকে রোগীর চিকিৎসা চালাচ্ছিলেন। একপর্যায়ে ফার্সির সঙ্গে সখ্য গড়ে তোলেন লালন সাধু নামে পরিচয় দানকারী ওই তান্ত্রিক।
গত শনিবার বিকেলে একটি গাছ আনার কথা বলে ওই তান্ত্রিক উপজেলার চাপিলা ইউনিয়নের তেলটুপি গ্রামের একটি শ্মশানের উদ্দেশে বের হন। এ সময় মোটরসাইকেল নিয়ে ফার্সিও তাঁর সঙ্গে যায়। কিন্তু রাত হয়ে গেলেও তাঁরা না ফেরায় ফোন করে ফার্সির মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে রাতে পুলিশের সহায়তায় তেলটুপির ভজরমোড় এলাকা থেকে অচেতন অবস্থায় ফার্সিকে মোটরসাইকেলসহ উদ্ধার করা হয়। তবে ওই কথিত তান্ত্রিক ফার্সির কাছে থাকা দেড় লাখ টাকা ও মুঠোফোন নিয়ে পালিয়ে যান।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্র জানায়, ওই তান্ত্রিক নিজেকে পাবনার হেমায়েতপুরের মানুষ বলে পরিচয় দিয়েছিলেন। বাবার নাম আনিস মল্লিক। তিনি বিভিন্ন হাট-বাজারে তাবিজ-কবচ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।
গুরুদাসপুর থানার উপপরিদর্শক আবদুল আজিজ বলেন, ফার্সি একটি মেয়েকে ভালোবাসত। কিন্তু মেয়েটি সাড়া না দেওয়ায় ছেলেটি ওই তান্ত্রিকের শরণাপন্ন হয়। তান্ত্রিকের কথামতো সে বাবা-মায়ের অগোচরে বাড়ি থেকে দেড় লাখ টাকা নিয়ে বের হয়। তবে এ ঘটনায় কেউ এখন পর্যন্ত কোনো মামলা করেননি।