বরগুনার বেতাগী উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা রামদা ও ছেনি নিয়ে কার্যালয় দখল করে রাখায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের নির্বাচনে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে। সভাপতি, সহসভাপতিসহ আটটি পদে গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ৮ ডিসেম্বর ভোট হওয়ার কথা।
ভুক্তভোগীদের অভিযোগ, নির্বাচন বানচাল করে নিজেদের লোকদের নিয়ে আহ্বায়ক কমিটি দিয়ে সমিতি পরিচালনার লক্ষ্যে আওয়ামী লীগের কর্মীরা এটা করেছেন।
ইউসিসিএ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন। এটি সমবায় সমিতি গঠন করে কৃষকদের ঋণ দেয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সকাল সাড়ে ১০টার দিকে বেতাগী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমানের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৫ থেকে ৩০ জন কর্মী রামদা ও ছেনি নিয়ে ইউসিসিএ ভবনে ঢুকে বিকেল চারটা পর্যন্ত সেখানে অবস্থান করেন। এ সময় গালাগাল, কার্যালয়ে তালা ঝোলানো ও আগুন ধরানোর হুমকি দেওয়ায় আতঙ্কে কর্মকর্তারা কার্যালয় ছেড়ে চলে যান। অন্য কর্মচারীরা তাঁদের কাছে জিম্মি হয়ে পড়েন। এভাবে বিকেল চারটা পর্যন্ত কর্মচারীদের জিম্মি করে রাখায় কেউ মনোনয়নপত্র জমা দিতে পারেননি।
তফসিল ৪ নভেম্বর ঘোষণা করা হয়। এ পরিপ্রেক্ষিতে ৮ ও ৯ নভেম্বরের মধ্যে আটটি পদের মধ্যে সভাপতি পদে উত্তর-পশ্চিম ঝোপখালী কৃষক সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি ও সদর ইউপি চেয়ারম্যান খ ম ফাহরিয়া আমিনুল ও তাঁর প্যানেল সহসভাপতি, পরিচালকসহ ছয়টি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ছাড়া পশ্চিম ফুলতলা কৃষক সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি আবদুল মন্নানের নামে সভাপতি পদে একটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন লিমিটেডের উপজেলা সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান খ ম ফাহরিয়া আমিনুল অভিযোগ করেন, ‘সমবায় আইনের বিধিবিধান মেনে পুনরায় আমি সভাপতি পদে প্রার্থী হয়েছি। কিন্তু রাজনৈতিক কারণে ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগের কতিপয় নেতা ও কর্মী ইউসিসিএ ভবনে ঢুকে রামদা ও ছেনি নিয়ে মহড়া দেয়। এ জন্য আমি মনোনয়নপত্র জমা দিতে পারিনি।’
বেতাগী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান গতকাল সন্ধ্যায় বলেন, ‘আমরা কাউকে মনোনয়নপত্র জমাদানে বাধা দিইনি। কারা কারা মনোনয়নপত্র জমা দেন, সেটা দেখার জন্য গিয়েছিলাম। আমার সঙ্গে দলীয় কয়েকজন নেতা-কর্মী গিয়েছিলেন। তবে তাঁদের কাছে রামদা-ছেনি ছিল না।’ নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াদুদ খান বলেন, ‘সমবায় বিধিবিধান মেনেই তফসিল ঘোষণা করেছি। কোনো অনিয়ম ও পক্ষপাতিত্বের আশ্রয় নিইনি। চাকরিজীবী বিধায় অজ্ঞাত কারণে অফিস ছেড়ে চলে এসেছি।’