জামালপুরের মেলান্দহে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেনকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ওই প্রার্থী গত বুধবার নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করে বিপাকে পড়েছেন। কারণ, আওয়ামী লীগের যে নেতার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি ওই ইউপির আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মাহফুজুল হকের ছোট ভাই। তাঁর নাম মো. জিন্নাহ।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১ মার্চ নাংলা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে জাকির হোসেন মনোনয়নপত্র জমা দেন। এরপর থেকে মো. জিন্নাহ স্বতন্ত্র প্রার্থীকে ব্যাপক চাপ ও হুমকি দিয়ে আসছেন। এ ব্যাপারে অভিযোগ করায় আওয়ামী লীগের ওই নেতা গত বুধবার রাত নয়টার দিকে স্বতন্ত্র প্রার্থীর পরিবারের দুই সদস্যকে উপজেলার জিন্নাহ সুপার মার্কেটে ডেকে নিয়ে দেখে নেওয়ার হুমকি দেন।
স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন অভিযোগ করেন, ‘মো. জিন্নাহ মুঠোফোনে, সরাসরি ও বিভিন্ন লোকজন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য তাঁকে চাপ দিচ্ছেন। প্রার্থিতা প্রত্যাহার না করলে মিথ্যা মামলা দিয়ে পরিবারের সদস্যদের গ্রেপ্তার ও জানমালের ক্ষতি করার হুমকি দেওয়া হয়। হুমকি দেওয়া-সম্পর্কিত মুঠোফোনের কথোপকথন সিডি আকারে কমিশনের কাছে অভিযোগ হিসেবে জমা দিয়েছি। এরপর থেকে তিনি আমার পরিবারের সদস্যদের ও বিভিন্ন লোকজনের মাধ্যমে আমাকে ও আমার ভাই ঢাকায় অবস্থানরত মো. জাহিদুল হককে গ্রামে ঢুকতে দেবেন না বলে হুমকি দিচ্ছেন।’
হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ বলেন, ‘ওই স্বতন্ত্র প্রার্থীর বাবা নূরুল ইসলামের সঙ্গে পরিবারের মতো সম্পর্ক ছিল। কিন্তু জাকির হোসেন হঠাৎ করেই চেয়ারম্যান প্রার্থী হন। এ বিষয়ে ভাতিজা হিসেবে তাঁকে আমি বলেছিলাম হঠাৎ নির্বাচনে দাঁড়িয়ে পড়লেন। স্বতন্ত্র প্রার্থী পুরো ইউনিয়নে হয়তো ১০০ ভোট পাবেন। এমন প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দেওয়ার প্রশ্নই ওঠে না।’ অভিযোগের পর পরিবারের সদস্যদের হুমকির বিষয়ে বলেন, ‘তাঁর (স্বতন্ত্র প্রার্থী) এক ভাগনে আমার মার্কেটে দোকান করেন। তাঁকে ডেকে নিয়ে অভিযোগের বিষয়ে আলোচনা করেছি মাত্র।’
মেলান্দহ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদুর রহমান বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’