মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম নোমানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত শনিবার রাতে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের এক জরুরি সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব ওরফে অপি গতকাল রোববার বিকেলে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। অব্যাহতি পাওয়া ওই ছাত্রলীগ নেতা বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত বৃহস্পতিবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। সকাল থেকেই মনোহরগঞ্জ উপজেলা কমপ্লেক্স এলাকায় এস এম নোমানের নেতৃত্বে একটি দল ওই এলাকায় পাহারা বসায়। ওই সময় তাঁরা আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী বিএনপি, আওয়ামী লীগের বিদ্রোহী, জাতীয় পার্টি ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোনয়নপত্র জমা দানে বাধা দেন। একই সঙ্গে ঝলম উত্তর ও দক্ষিণ এবং বাইশগাঁও ইউনিয়নের অন্য দলের চেয়ারম্যান পদপ্রার্থীদের মারধর করা হয়। এর পরিপ্রেক্ষিতে কুমিল্লা জেলা প্রশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন সাতজন চেয়ারম্যান পদপ্রার্থী। রাতে জেলা প্রশাসকের দপ্তরে জমা হওয়া মনোনয়নপত্র মনোহরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজির হোসেন মিয়ার দপ্তরে নেওয়া হয়। খবর পেয়ে রাতেই ওই দপ্তরে গিয়ে বাইশগাঁও ও ঝলম দক্ষিণ ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোনয়নপত্র ছিনতাইয়ের চেষ্টা চালান এস এম নোমান। ওই সময় ওই দপ্তরে কাজ করছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও অন্য কর্মীরা। তখন ছিনতাইয়ে বাধা দিলে নোমান কয়েকটি মনোনয়নপত্র ছিঁড়ে ফেলেন। একই সঙ্গে কর্মকর্তাদের লাঞ্ছিত করেন। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল ভট্ট বলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র ছিনতাই ও ছেঁড়ার অভিযোগে নোমানের বিরুদ্ধে মামলা হয়েছে।
কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের সাংসদ মো. তাজুল ইসলাম বলেন, কোনো ব্যক্তিবিশেষের অপরাধের জন্য দল দায়িত্ব নেবে না।