কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মো. রিয়াদকে (৯) হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তাদের উপজেলার দিশাবন্দ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মনোহরগঞ্জ বাজারের ফল ব্যবসায়ী আলমগীর হোসেন (২২) ও তাঁর দোকানের এক কিশোর কর্মচারী।
পুলিশ বলেছে, গত সোমবার রাতে মনোহরগঞ্জ বাজারে ওই ফল ব্যবসায়ীর দোকান থেকে চুরি করে আঙুর খাওয়ার অভিযোগে শিশু রিয়াদকে মারধর করতে দেখেছেন স্থানীয় এক ব্যবসায়ী। পরদিন সকালে ওই শিশুর লাশ পাওয়া যায় বস্তাবন্দী অবস্থায়।
গতকাল বুধবার দুপুরে গ্রেপ্তার হওয়া দুজনকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরীর আদালতে হাজির করে আট দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও মনোহরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক। বিচারক ফল ব্যবসায়ী আলমগীর হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে, অপ্রাপ্তবয়স্ক হওয়ায় গ্রেপ্তার হওয়া ১৪ বছরের কিশোরকে চট্টগ্রাম কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। আদালত তাঁকে সংশোধন কেন্দ্রে জিজ্ঞাসাবাদের নির্দেশনাও দেন।
মনোহরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাদেকুর রহমান প্রথম আলোকে বলেন, মামলার সাক্ষী মনোহরগঞ্জ বাজারের মাছ ব্যবসায়ী মো. আবদুল খালেক গতকাল বিকেলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তিনি বলেছেন, সোমবার রাতে বাজারে রিয়াদকে মারধর করতে দেখেছেন। তাঁর সাক্ষ্য অনুযায়ী পুলিশ আলমগীর ও ফারুককে গ্রেপ্তার করে।
এসআই মো. মোজাম্মেল হক বলেন, আঙুর চুরি করে খাওয়ার অভিযোগে রিয়াদকে ফলের দোকানের মালিক ও কর্মচারী মিলে মারধর করে সোমবার রাত ১০টার দিকে। মাছ ব্যবসায়ী আবদুল খালেক এ ঘটনা দেখে ফেলেন। অতিরিক্ত মারধরে মারা যায় শিশু রিয়াদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডের কথা একবার স্বীকার করলেও পরে অস্বীকার করছেন। ফলে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের রিমান্ড নেওয়ার আবেদন করা হয়।
মঙ্গলবার সকালে মনোহরগঞ্জ বাজারের একটি স্টিলের আসবাবপত্র তৈরির কারখানার পেছন থেকে রিয়াদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা খোকন মিয়া মনোহরগঞ্জ থানায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।