নরসিংদীর মনোহরদীতে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে সাবিকুন নাহার (২২) নামের এক গৃহবধূ ও তাঁর মা দগ্ধ হয়েছেন। গত শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের চটালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাবিকুন নাহারের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, ঘটনাটির সঙ্গে সাবিকুনের সাবেক স্বামী ইব্রাহিম জড়িত।
দগ্ধ সাবিকুন নাহার ও তাঁর মা রোকেয়া বেগমকে (৪২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, অ্যাসিডে সাবিকুনের শরীরের ১৭ শতাংশ পুড়ে গেছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সাত বছর আগে চটালিয়াপাড়া এলাকার আবদুল মান্নানের মেয়ে সাবিকুনের সঙ্গে একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে দৌলত মিয়ার বিয়ে হয়। ওই বিয়েতে সাবিকুনের পরিবারের সদস্যদের মত ছিল না। পাঁচ বছর সংসার করার পর দুই বছর আগে তাঁদের বিচ্ছেদ ঘটে। পরে পাশের ইউনিয়নের লেবুতলা এলাকার ইব্রাহিম মিয়ার সঙ্গে বিয়ে হয় সাবিকুন নাহারের।
সাবিকুনের পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি দৌলত মিয়া সাবিকুনের বর্তমান শ্বশুরবাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে যান। সেখানে তাঁদের দুজনের মধ্যে কথাবার্তা হয়। কিছুদিন আগে সাবিকুন তাঁর বর্তমান স্বামী ইব্রাহিমের বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসেন। এরপর দৌলত মিয়া বারবার সাবিকুনের সঙ্গে যোগাযোগ করতে থাকেন এবং তাঁকে ফিরিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এতে সাবিকুনের পরিবারের লোকজন মত দেননি।
সাবিকুনের পরিবারের অভিযোগ, এ ঘটনায় ক্ষোভে দৌলত মিয়া শুক্রবার দিবাগত রাতে জানালা দিয়ে অ্যাসিড ছুড়ে মারেন। এতে সাবিকুন ও তাঁর মা রোকেয়া বেগম দগ্ধ হন। তাঁদের প্রথমে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। ঘটনার পর থেকে দৌলত মিয়া পলাতক রয়েছেন।
মনোহরদীর রামপুরা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন বলেন, ‘দৌলত মিয়াই তাঁদের অ্যাসিড ছুড়ে মারতে পারেন। আমরা তদন্ত করে দেখছি। তবে এখনো নিশ্চিত হতে পারছি না। ঘটনার পর থেকে দৌলত পলাতক রয়েছেন।’