মনোহরদীতে ডাকাতি দুই এসআইসহ চারজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদীতে উপজেলায় গত বৃহস্পতিবার দুই বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় থানার দুই এসআই চারজন আহত হয়েছেন। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চালাকচর ইউনিয়নের চেঙ্গাইন গ্রামের রাজন মিয়ার বাড়ির ফটকের তালা কেটে গত বৃহস্পতিবার রাত একটার দিকে ১৫-২০ জনের একদল ডাকাত ঘরের ভেতর ঢোকে। তারা বাড়ির লোকদের জিম্মি করে একটি ল্যাপটপ কম্পিউটার, দুটি মুঠোফোন, একটি সোনার চেইন ও ২২ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতি হচ্ছে টের পেয়ে ভাড়াটিয়া মো. মহসীন ঘর থেকে বের হলে ডাকাতেরা তাঁকে পিটিয়ে আহত করে। পরে ডাকাত দল রাত আড়াইটার দিকে পাশের মাছিমপুর গ্রামের শাহিদ মিয়ার বাড়িতে ঢুকে দেড় লাখ টাকা, সাত ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় শাহিদকে পিটিয়ে আহত করে তারা। শাহিদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়।
ওই ডাকাত দলের সদস্যর হেতেমদী এলাকায় এসআই তানভীর আহমেদকে একা দাঁড়িয়ে থাকতে দেখে তাঁকে রাম দা দিয়ে আঘাত করে। তাঁর চিৎকারে এসআই আশরাফুল ইসলাম ও দুজন পুলিশ সদস্য এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালায় তারা। পুলিশ সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়। ওই সময় ধাওয়া করে ইকবাল হোসেন ও শহিদুল ইসলাম নামের দুই ডাকাতকে ধরে ফেলেন স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করেন। আহতদের মধ্যে তানভীর আহমেদের মাথায় জখম হয়েছে। তিনি বর্তমানে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মনোহরদী থানার ওসি আলমগীর হোসেন বলেন, ডাকাতির ঘটনা ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।