মনোহরদীতে দুই বাড়িতে ডাকাতি দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদীতে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার রায়েরপাড়া ও লেবুতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতের হামলায় দুজন আহত হন।

ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ১০-১৫ জনের ডাকাত দল রায়েরপাড়া গ্রামের ব্যবসায়ী আসাদ মিয়ার বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। একপর্যায়ে গৃহকর্তা আসাদ মিয়ার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ৩০ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার, দুটি মুঠোফোনসহ বিভিন্ন মাল লুট করে নিয়ে যায় তারা। এ সময় চিৎকার দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা আসাদ মিয়া ও তাঁর স্ত্রী রাজিয়া খাতুনকে বেধড়ক পিটিয়ে আহত করে। একই সময় পাশের লেবুতলা গ্রামের প্রবাসী রাজু মিয়ার বাড়িতে একই কায়দায় ডাকাতি হয়। এ সময় এক লাখ টাকা, তিন ভরি সোনা, চারটি মুঠোফোন লুট করা হয়। ডাকাতের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে পরপর কয়েকটি ককটেল ফাটিয়ে ডাকাতেরা দ্রুত পালিয়ে যায়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন বলেন, ‘রায়েরপাড়ায় ডাকাতির ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে লেবুতলা গ্রামের ডাকাতির বিষয়টি আমাদের জানা নেই।’