মনোহরদীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদীতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। গত সোমবার মনোহরদী পৌর এলাকায় ওই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামলায় গৃহকর্তাসহ চারজন আহত হন।
আহত ব্যক্তিরা হলেন গৃহকর্তা ও ব্যবসায়ী নুরুল ইসলাম (৫৫), তাঁর স্ত্রী মার্জিয়া বেগম (৪৩), ছেলে খোকন মিয়া (২৫) ও প্রতিবেশী মোশারফ হোসেন (৪০)।
এলাকাবাসী ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার গভীর রাতে ব্যবসায়ী নুরুল ইসলামের বাড়ির দেয়াল টপকে ১০-১৫ জন মুখোশ পরা ডাকাত ভেতরে ঢোকে। এরপর দরজা ভেঙে ঘরে ঢুকে নুরুল ইসলামসহ পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
পরে তারা আলমারি ভেঙে দেড় ভরি ওজনের স্বর্ণালংকার, আটটি মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নেয়। ওই সময় নুরুল ইসলাম বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে ডাকাতেরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাঁকে বাঁচাতে স্ত্রী মার্জিয়া, ছেলে খোকন ও বাড়িতে থাকা প্রতিবেশী মোশারফ হোসেন এগিয়ে এলে তাঁদেরও কুপিয়ে জখম করা হয়।
ওই সময় আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মনোহরদী থানার ওসি আলমগীর হোসেন বলেন, মূলত ডাকাতির চেষ্টা হয়েছিল। বাড়ির মালিকের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে।