মনোহরদীতে ১০ দিনে পাঁচ বাড়িতে ডাকাতি, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী উপজেলায় গত ১০ দিনে পাঁচ বাড়িতে ডাকাতি ও পাঁচটি দোকানে চুরি হয়েছে। সর্বশেষ গত বুধবার রাতে সুতারলরিকান্দা গ্রামে ডাকাত সন্দেহে দুজন গণপিটুনিতে নিহত হয়েছেন।
এলাকাবাসী জানান, গত সোমবার ভিটিপাড়া গ্রামে মানিক মিয়ার বাড়ি ও আবদুল আউয়ালের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা মানিক মিয়ার বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৭ হাজার টাকা, কানের দুল, সোনার চেইনসহ ৩৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়। পরে ডাকাত দল আবদুল আউয়ালের বাড়ি থেকে একই কায়দায় চার ভরি স্বর্ণালংকারসহ নগদ ১৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে ডাকাতের ছুরিকাঘাতে আউয়ালের স্ত্রী হেলেনা বেগম (৪৫) ও প্রতিবেশী মাহবুবুর রহমান (২৫) আহত হন।
এর আগে রোববার রাতে উত্তর নারান্দী গ্রামের ব্যাংক কর্মকর্তা মো. সাদেক মিয়ার বাড়িতে ডাকাতি হয়। ডাকাতের হামলায় সাদেকের দুই বোন মৌলুদা জাহান (৩৮) ও মাহফুজা জাহান (৩৫) এবং দুই ভাগনে মো. সিয়াম সরকার (১৯) ও আবদুল্লাহ রাফি (১৮) আহত হন। ডাকাতেরা প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। একই রাতে বালিয়াকান্দা শিল্পপতি নুরুল ইসলাম বাজারে মেসার্স তোবা স্টোর, আবদুল হাই ভ্যারাইটিজ স্টোর, সাইফুল কেব্ল নেটওয়ার্ক, শাহজাহান দরজি ঘর ও বন্ধু হেয়ার কাটিং সেলুন—এই পাঁচ দোকানে চুরির ঘটনা ঘটে। সেখানেও প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়।
এলাকাবাসীর অভিযোগ, এসব ঘটনায় পুলিশ তেমন কোনো কার্যকরী ভূমিকা রাখতে না পারায় বেড়েই চলেছে ডাকাতি। এ কারণে গত বুধবার সুতারলরিকান্দা এলাকায় ডাকাতি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনির শিকার হয়ে আমজাদ হোসেন ও ফারুক মিয়া নামের দুজন মারা গেছেন।