মনোনয়নপত্র কিনতে বাধা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ‘খান পরিবার’-সমর্থকেরা কাউকে মনোনয়নপত্র কিনতে দেয়নি। এ কাজে জেলা আওয়ামী লীগের একটি অংশ তাদের সহযোগিতা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার ছিল মনোনয়নপত্র কেনার একমাত্র দিন। আগামী ৯ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

অভিযোগ উঠেছে, খান পরিবার-সমর্থক হিসেবে পরিচিত আওয়ামী লীগের স্থানীয় নেতা ও সমবায় ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির বর্তমান সভাপতি কুদরত-ই-এলাহী খান গতকাল সকাল থেকেই একদল ক্যাডার নিয়ে ব্যাংকে অবস্থান নেন। ওই দিন সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত সভাপতি, সহসভাপতি ও ছয়জন পরিচালক পদে মনোনয়নপত্র বিক্রির সময় নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন। এই সময়ের মধ্যে বিভিন্ন উপজেলা থেকে নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা ব্যাংক কার্যালয়ে আসেন। কিন্তু কুদরত-ই-এলাহী খান তাঁদের কাউকেই নির্বাচন কমিশনের কার্যালয় পর্যন্ত যেতে দেননি। সবাইকে ভয়ভীতি দেখিয়ে বিদায় করে দেন।

সভাপতি পদে মনোনয়নপত্র কিনতে আসা বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম জানান, তাঁকে মনোনয়নপত্র দেওয়া হয়নি। গালাগাল করে হুমকি দিয়ে কুদরত-ই-এলাহী খান তাঁকে ব্যাংক থেকে বের করে দিয়েছেন। বাইরে কর্তব্যরত পুলিশকে জানালেও তিনি কোনো প্রতিকার পাননি। এ ব্যাপারে তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

নির্বাচনে অংশ নিতে আগ্রহী একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, এর আগের নির্বাচনে কুদরত-ই-এলাহী সাংসদ আমানুর রহমান খানের ছোট ভাই ছাত্রলীগের নেতা সানিয়াত খানকে সঙ্গে নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় ব্যাংকের সভাপতি হন। সানিয়াত হন সহসভাপতি। অন্যান্য পদেও তাঁদের অনুগত লোকদের বসানো হয়। সম্প্রতি আওয়ামী লীগের স্থানীয় নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় সাংসদ আমানুর ও তাঁর ভাইয়েরা আত্মগোপন করেন। এরপর কুদরত-ই-এলাহী খান এবারের নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার জন্য জেলা আওয়ামী লীগের একটি অংশের সঙ্গে সমঝোতা করেন। এবারও সভাপতি পদে তিনি এবং অন্যান্য পদে জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার মনোনীত ব্যক্তিদের নেওয়ার সিদ্ধান্ত হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ রকিবুল হাসান জানান, সভাপতি পদে কুদরত-ই-এলাহী খান ও সহসভাপতি পদে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল মনোনয়নপত্র নিয়েছেন। এ ছাড়া ছয়টি পরিচালক পদের জন্য কুদরত-ই-এলাহীর তত্ত্বাবধানে ১১টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

কুদরত-ই-এলাহী খান তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সমবায় ব্যাংক স্বাধীনতাবিরোধী শক্তির কাছে বন্দী ছিল। আমরা বঙ্গবন্ধুর সৈনিকেরা তা মুক্ত করেছি।’