মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সম্ভাব্য প্রার্থী লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সম্ভাব্য এক প্রার্থী আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ছবি তুলতে গিয়ে স্থানীয় এক সাংবাদিকও লাঞ্ছিত হন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, লাঞ্ছনার শিকার হওয়া সাংবাদিক এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল ছিল ওই উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিন রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতারুল আলম রায়গঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে যান। সকাল ১০টার দিকে ওই কার্যালয়ে পৌঁছালে সেখানে উপস্থিত থাকা চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও উপজেলা কৃষক লীগের সভাপতি সাইদুল ইসলামসহ কয়েকজন তাঁকে মনোনয়নপত্র জমা না দিয়ে চলে যেতে বলেন। এ সময় তাঁকে মারধর করা হয়। আওয়ামী লীগের নেতা-কর্মীরা ওই কার্যালয় ভবনের দোতলা থেকে তাঁকে চ্যাংদোলা করে নামানোর সময় ছবি তোলার প্রস্তুতি নেন যায়যায়দিন-এর রায়গঞ্জ উপজেলা সংবাদদাতা আবদুল্লাহ সরকার। তখন তাঁকেও মারধর করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
এ ঘটনার প্রতিবাদে রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার সাংবাদিকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করেন। রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টি এম কামরুজ্জামান বলেন, অভিযুক্ত ওই দুই নেতা ঘটনার জন্য ক্ষমা চাওয়ায় বিষয়টির মীমাংসা হয়েছে।