মনোনয়নপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অন্যদের মনোনয়নপত্র জমা দিতে বাধার সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার জেলার রায়পুরা ও ঘোড়াশাল পৌর নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।
ঘোড়াশালে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো. শরীফুল হক, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ মিয়া, বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম ও বিএনপির বিদ্রোহী প্রার্থী বেলায়েত হোসেন।
প্রত্যক্ষদর্শী ও নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছাড়া মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছে ছাত্রলীগ। পৌর ছাত্রলীগের নেতা জুলহাস মিয়া, সোহেল মিয়া, নূর আকতার ও কাজী নাজমুলের নেতৃত্বে গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছাত্রলীগের প্রায় দেড় শ কর্মী বিচ্ছিন্নভাবে উপজেলা পরিষদ ঘেরাও করে রাখেন। দুপুরে মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ মিয়া তাঁর লোকজন নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। এতে ছাত্রলীগের নেতারা বাধা দেন। এ সময় আওলাদ হোসেন নামের ইলিয়াছের এক সহযোগীকে পিটিয়ে আহত করা হয়। একই পরিস্থিতিতে পড়েন বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. বেলায়েত হোসেন। তবে বিএনপির প্রার্থী গত বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ায় এমন পরিস্থিতিতে পড়তে হয়নি। এ ছাড়া বিএনপি-সমর্থিত ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবু সাইদ এবং ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী শাহনাজ পারভীন মনোনয়নপত্র জমা দিতে গেলে তা ছিঁড়ে ফেলেন ছাত্রলীগের নেতারা। এতে বাধা দিতে গিয়ে আহত হন শাহনাজের স্বামী আকতারুজ্জামান। তিনি বর্তমানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. ইলিয়াছ মিয়া বলেন, ‘আওয়ামী লীগের নির্ধারিত ব্যক্তিরা ছাড়া অন্যদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা আমার কর্মী আওলাদকে পিটিয়েছেন। এমনকি তাঁরা বিএনপির কাউন্সিলর প্রার্থী শাহনাজ ও সাইদের মনোনয়নপত্র ছিঁড়ে ফেলেন। এ অবস্থায় বোঝা যাচ্ছে, নির্বাচন কেমন হবে।’
আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. শরীফুল হক এসব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘বাধা দিলে মেয়র পদের প্রার্থী চারজন হয় কী করে। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট।’