কুমিল্লার নাঙ্গলকোটে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে গাড়িতে তুলে নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আগামী ২৮ মে এ ইউপিতে ভোট হবে।
মনোনয়নপত্র প্রত্যাহার করা ওই নেতা হলেন নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম। তিনি এ ইউনিয়ন পরিষদের (ইউপি) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের অন্তত পাঁচজন নেতা বলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান মজুমদারকে তৃণমূলের সিদ্ধান্ত অমান্য করে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। ২ মে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও তৃণমূলের ভোটে নির্বাচিত মো. সাইফুল ইসলাম স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেন। গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন বেলা ১১টায় ওসি মো. নজরুল ইসলাম পুলিশের গাড়ি নিয়ে বাঙ্গড্ডাসংলগ্ন পরিকোট বটগাছ এলাকায় যান। এরপর সাইফুলকে গাড়িতে তুলে নাঙ্গলকোট উপজেলা পরিষদ এলাকায় নিয়ে আসেন তিনি। এরপর সাইফুল মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনে সই করেন।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা সাইফুল হাসান আল আমিন বলেন, ‘উনি (সাইফুল) নিজে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বেলা সাড়ে ১১টায় তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন।’ তিনি আরও বলেন, এ ইউপিতে চেয়ারম্যান পদে সাতজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। ২ মে ছয়জন মনোনয়নপত্র জমা দেন। গতকাল আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুলসহ তিনজন মনোনয়নপত্র প্রত্যাহার করেন।সাইফুল ইসলামের মুঠোফোনে গতকাল বিকেলে কল দিলেও তিনি ধরেননি।
ওসি নজরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সাইফুলকে আমি বাঙ্গড্ডা বাজার থেকে নিরাপত্তার স্বার্থে পুলিশের গাড়িতে করে নিয়ে আসি। এরপর তিনি উপজেলায় গিয়ে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর আগে সকালে সাইফুল আমাকে ফোন করে নিরাপত্তা চান। তাঁর চেয়ারম্যান পদে প্রার্থিতা নিয়ে এলাকায় পক্ষে-বিপক্ষে দুটি ধারা তৈরি হয়। একটি পক্ষ সাইফুলের প্রতিদ্বন্দ্বিতার পক্ষে, আরেক পক্ষ এর বিপক্ষে। আমি সাইফুলের নিরাপত্তার স্বার্থে ওই কাজ করেছি।’
এ ইউপিতে চেয়ারম্যান পদে বর্তমানে তিনজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের শাহজাহান মজুমদার, বিএনপির কামাল হোসেন মজুমদার ও স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবীর মজুমদার। শাহজাহান মজুমদার বলেন, উপজেলা বিএনপির সর্বশেষ কমিটিতে তাঁর নাম থাকলেও তিনি এখন আর ওই দলের রাজনীতির সঙ্গে জড়িত নন। ২০১৫ সালের ২৯ মে তিনি আওয়ামী লীগে যোগদান করেন।