মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার মোটরসাইকেল বহরে হামলা
কুমিল্লার মনোহরগঞ্জে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অহিদুর রহমান ওরফে জয়ের মোটরসাইকেল বহরে প্রতিপক্ষের নেতা-কর্মীরা সন্ত্রাসী হামলা চালিয়ে অন্তত ছয় ব্যক্তিকে মারধর ও একজনকে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সন্ধ্যায় মনোহরগঞ্জ উত্তর বাজার সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে ছাত্রলীগের নেতার অনুসারী ওমর ফারুকের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অহিদুর রহমান দাবি করেন, তাঁর গ্রামের বাড়ি মনোহরগঞ্জ উপজেলায়। ঈদ উপলক্ষে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য গত সোমবার সন্ধ্যায় অন্তত ২০টি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। মোটরসাইকেলের বহর মনোহরগঞ্জ উত্তর বাজার এলাকায় এলে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আমিরুল ইসলামের নেতৃত্বে অতর্কিতভাবে লাঠিসোঁটা, রামদা ও চাপাতি নিয়ে হামলা চালানো হয়। তখন দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় অহিদুর রহমানের অনুসারী ওমর ফারুকের হাতে কোপ দেওয়া হয়। একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে মারধরের শিকার হন আরও পাঁচজন। পরে সেখানে থাকা ছয়টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। একটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলগুলো উদ্ধার করে নিয়ে আসে। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আমিরুল ইসলাম বলেন, ‘আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই। খবর পাওয়ার পর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেখানে হাজির হয়েছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য।’
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব বলেন, ‘এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হবে। বিষয়টি আমরা জেনেছি।’
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। থানায় কোনো মামলা হয়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। তবে নম্বরবিহীন ছয়টি মোটরসাইকেল উদ্ধার করেছে।