মনোহরগঞ্জে তরুণ খুন, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনায় এক তরুণকে প্রতিপক্ষ ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অপর দুই তরুণ। গত মঙ্গলবার রাতে উপজেলার লালচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মো. কাজী ইউসুফ (১৮)। তিনি লালচাঁদপুর গ্রামের মো. কাজী ওয়াজেদের ছেলে। এ ঘটনায় কাজী ওয়াজেদ গতকাল বুধবার মনোহরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত তরুণের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত আনুমানিক নয়টার দিকে লালচাঁদপুর গ্রামের আশ্রয়কেন্দ্রের কাছাকাছি একটি সেতুর ওপর বসে মুঠোফোনে কথা বলছিলেন একই গ্রামের সোহেল রানা। ওই সময় একই গ্রামের রহমতউল্লাহ সেখানে এসে সোহেলকে ‘তুই’ বলে সম্বোধন করেন। বয়সে ছোট হয়েও রহমতউল্লাহ তুই করে কথা বলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন সোহেল। একপর্যায়ে এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

 সোহেল ও রহমতের মধ্যে ঝগড়া চলাকালে রাত সাড়ে ১০টার দিকে ওই পথ দিয়ে যাচ্ছিলেন একই গ্রামের কাজী ইউসুফ ও নেয়ামত হোসেন। এ সময় তাঁরা দুজনের ঝগড়া থামাতে যান। তখন উত্তেজিত হয়ে ছুরি বের করে রহমত সোহেলকে আঘাত করতে যান। একপর্যায়ে বাধা দিতে গেলে রহমত ক্ষিপ্ত হয়ে ইউসুফের পেটে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তখন তাঁকে বাঁচাতে এগিয়ে এলে আহত হন একই গ্রামের রুহুল আমিনের ছেলে মো. সোহেল রানা (২২) ও শফিউল আলমের ছেলে নেয়ামতউল্লাহ (১৮)। এরপর দ্রুত ওই স্থান থেকে পালিয়ে যান রহমত।

এ ব্যাপারে রহমতউল্লাহর মুঠোফোনে একাধিকবার ফোন করে সেটি বন্ধ পাওয়া যায়। তাঁর বাবা আবুল বাশার এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে রহমত পলাতক। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।