মনোহরদীতে ঘুষি ও লাথি মেরে ব্যবসায়ীকে হত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদীতে মেজবাহ উদ্দিন সরকার নামের এক গরু ব্যবসায়ীকে বাজারে ঘুষি ও লাথি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বিকেলে উপজেলার হাতিরদিয়া বাজারে এ ঘটনা ঘটে।

মেজবাহ উদ্দিন (৫০) উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আলাল উদ্দিন সরকারের ছেলে। এ ঘটনায় স্থানীয় লোকজন দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে স্থানীয় হাতিরদিয়া বাজারে গরু বিক্রি করতে যান সৈয়দপুর এলাকার মেজবাহ উদ্দিন সরকার ও মনোহরদী পৌর এলাকার মাঝিবাড়ি মহল্লার তারা মিয়া। দুজনে পাশাপাশি গরু রাখেন। বিকেল পাঁচটার দিকে মেজবাহ উদ্দিনের গরু লাফালাফি করলে গরু সরিয়ে নিতে বলেন তারা মিয়া। এতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা মিয়া ও তাঁর চাচাতো ভাই মতিউর রহমান কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন মেজবাহ উদ্দিনকে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে বাজারের পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় লোকজন তারা মিয়া ও মতিউর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

মনোহরদী থানার ওসি এস এম আলমগীর হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।