মনোহরদীতে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ২
নরসিংদীর মনোহরদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আহত অবস্থায় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার শুকুন্দী ইউনিয়নের সুতারলরিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুকুন্দী-মনোহরদী সড়কের পাশে সুতারলরিকান্দা এলাকায় ইসমাইল হোসেনের বাড়ির পাশে রাত সোয়া আটটার দিকে একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে পাঁচ যুবক আসেন। সেখানে তাঁরা সড়কের মাঝখানে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে সিএনজিচালিত অটোরিকশা আটকায়। পরে চালক ও যাত্রীদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা নিয়ে নেয়, এমন খবরের ভিত্তিতে স্থানীয়রা যুবকদের চারদিক থেকে ঘিরে ফেলে।
এর মধ্যে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দুজন পালিয়ে যায়। বাকি তিনজনকে স্থানীয়রা গণপিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে দুজনকে উদ্ধার করে। বাকি একজন অচেতন অবস্থায় ঘটনাস্থলে পড়েছিল। স্থানীয়দের বাধার মুখে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। রাত সাড়ে এগারোটার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ছাড়া উদ্ধার হওয়া দুজনকে স্থানীয় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
নিহত ও আহত কারও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। পরে উপস্থিত লোকজন যুবকদের বহন করা ব্যক্তিগত গাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সম্প্রতি এই এলাকায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত সোমবার দিবাগত রাতে পার্শ্ববর্তী গ্রাম ভিটিপাড়া এলাকার মানিক মিয়ার বাড়ি ও আবদুল আউয়ালের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এর আগের দিন রোববার দিবাগত রাতে পার্শ্ববর্তী গ্রাম উত্তর নারান্দী গ্রামের ব্যাংক কর্মকর্তা মো. সাদেক মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
মনোহরদী থানার অফিসার ইন-চার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, গণপিটুনির ঘটনায় দুজন নিহত হয়েছে। একজন আহত হয়েছে। নিহত ও আহত কারও পরিচয় পাওয়া যায়নি।