মনোহরদীতে ধর্ষণের পর শিশুকে হত্যা
নরসিংদীর মনোহরদী উপজেলায় রহিমা আক্তার (৯) নামের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার উপজেলার কাহেতেরগাঁওয়ে এ ঘটনা ঘটে।
রহিমা উপজেলার কাহেতেরগাঁওয়ের দিনমজুর আবদুল আউয়ালের মেয়ে। সে পাঁচহাতি কালিদাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে রহিমা টেলিভিশন দেখতে পাশের বাড়িতে যায়। রাত গভীর হওয়ার পরও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন আশপাশে বিভিন্ন জায়গায় তার খোঁজ করে। এর পরও তারা শিশুটির কোনো সন্ধান পায়নি।
পরে গতকাল সকালে প্রতিবেশীরা রহিমার বাড়ির পাশের এক কৃষিজমিতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। একপর্যায়ে এ ঘটনায় জড়িত সন্দেহে এলাকাবাসী প্রতিবেশী কিরন মিয়াকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের নূর চান (৩২) নামের আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মনোহরদী থানার ওসি আলমগীর হোসেন জানান, সুরতহাল প্রতিবেদনের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গত রোববার রাতে আবদুল আউয়াল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।