ঢাকায় বেড়াতে নিয়ে এসে মুন্সিগঞ্জের এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে রতন লাল (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মালি। গত সোমবার মধ্যরাতে রাজধানীর রমনা পার্কসংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে ধর্ষণে সহযোগিতার অভিযোগে গ্রিন রোড থেকে নাজমা বেগম (৪২) নামের এক নারীকেও গ্রেপ্তার করে পুলিশ।
ধর্ষণের ঘটনায় ওই ছাত্রীর বাবা ওই দুজনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেছেন। মামলায় রতন ও নাজমাকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর মুখ্য হাকিম আদালতে পাঠানো হয়। পুলিশ রতনের সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অন্যদিকে নাজমাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহারে ওই ছাত্রীর বয়স ১৬ লেখা হয়েছে।
ওই ছাত্রীর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। স্থানীয় একটি কলেজের প্রথম বর্ষে পড়ে সে। গত শুক্রবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। ওই দিন ছাত্রীর মা-বাবার সঙ্গে কথা বলে জানা যায়, সদ্য পরিচিত সুমন নামের এক যুবক ঢাকায় বেড়াতে এনে নিউমার্কেট থানা এলাকার এক বাসায় তাকে ধর্ষণ করেন। ওই বাসায় তখন এক নারীও ছিলেন।
এ ঘটনা গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর পুলিশ তৎপর হয়। তদন্তে পুলিশ জানতে পারে, নিউমার্কেট থানা এলাকা নয়, বরং শেরেবাংলা নগর থানার গ্রিন রোডের মোস্তফা গলির একটি পাঁচতলা বাড়ির পাঁচতলায় ধর্ষণের ঘটনাটি ঘটেছে। সোমবার রাতে ওই বাসা থেকে নাজমাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রমনা পার্কসংলগ্ন গ্রিন হাউস স্টাফ কোয়ার্টার থেকে রতনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অভিযানে থাকা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সুমনের প্রকৃত নাম রতন লাল। নিজেকে সুমন ও সচিবালয়ে চাকরিজীবী বলে ওই ছাত্রীর সঙ্গে প্রতারণার আশ্রয় নেন তিনি। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মালির কাজ করেন। আর নাজমা তাঁর পরিচিত। পরিচিত কেউ মেয়ে নিয়ে এলে নাজমা তাঁদের কক্ষ ভাড়া দিতেন। ইয়াবা ব্যবসার অভিযোগে নাজমাকে কাফরুল থানার পুলিশ আগে একবার গ্রেপ্তার করেছিল বলে শুনেছি।’
গতকাল গ্রিন হাউস স্টাফ কোয়ার্টারে গেলে রতনের মা ও স্ত্রী জানান, রতনের ১৩ বছরের এক ছেলে ও সাত বছরের এক মেয়ে আছে। পুলিশ আটক করার পর তাঁরা ঘটনার ব্যাপারে জানতে পেরেছেন।
গ্রিন রোডের মোস্তফা গলির ওই বাড়িতে গেলে বাড়ির মালিক এক বৃদ্ধা প্রথম আলোকে বলেন, চার মাস আগে ব্যবসায়ী পরিচয় দিয়ে নাজমা ও তাঁর স্বামী পাঁচতলার বাসাটি ভাড়া নিয়েছেন। মাসিক ভাড়া ১৮ হাজার। কয়েক দিন আগে পুলিশ নাজমার স্বামীকে আটক করেছিল। নাজমা তখন বলেছিলেন, পারিবারিক জায়গা-সম্পত্তির কারণে তাঁকে আটক করা হয়েছে। কিন্তু স্থানীয় কয়েকজনের কাছ থেকে তাঁদের মাদক ব্যবসার ব্যাপারে শোনার পর বাসা ছেড়ে দিতে বলেছিলেন। চলতি মাসের ৩০ তারিখ বাসা ছেড়ে দেওয়ার কথা ছিল নাজমাদের।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের লক্ষণ পাওয়া গেছে বলে ঢাকা মেডিকেলের ওসিসি সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে মূল প্রতিবেদন হাতে আসার পর বিস্তারিত জানা যাবে।
যোগাযোগ করা হলে ওই ছাত্রীর বাবা প্রথম আলোকে বলেন, ‘আমার যে ক্ষতি হইছে, সেটা তো আর কোনোভাবেই পূরণ করা যাইব না। সরকারের কাছে উচিত বিচার চাওয়া ছাড়া আর কিছুই চাওয়ার নাই।’