ওমরাহ ভিসায় সৌদি আরবে মানব পাচারের অভিযোগ ওঠা এজেন্সিগুলোর বিরুদ্ধে উন্মুক্ত তদন্তের কাজ শুরু করেছে ধর্ম মন্ত্রণালয়ের গঠিত কমিটি। আজ মঙ্গলবার সকালে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহীদুজ্জামানের নেতৃত্বে কমিটির সদস্যরা শুনানি শুরু করেন।
আজকের শুনানিতে উপস্থিত থাকার জন্য ডাকা ৫২টি এজেন্সির অধিকাংশই অফিস সহকারী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের পাঠিয়েছে। অভিযুক্ত ওই সব এজেন্সির মালিকেরা হাজির হননি। শুনানির আগে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) একজন রিসেপসনিস্টকে সেখানে এজেন্সিগুলোর উপস্থিতি নিশ্চিত করতে দেখা গেছে।
জানতে চাইলে একাধিক এজেন্সির প্রতিনিধিরা বলেছেন, তাঁদের প্রতিষ্ঠানের মালিকেরা মোনাজ্জেম (প্রতিনিধি) হিসেবে নিজ নিজ এজেন্সির হজযাত্রীদের সঙ্গে বর্তমানে সৌদি আরবে রয়েছেন। তাই শুনানিতে হাজির হতে পারেননি।
মালিকদের অনুপস্থিতিতে শুনানির ফলাফল কতটা কার্যকর হবে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান মো. শহীদুজ্জামান সাংবাদিকের বলেন, ‘আমরা এজেন্সিগুলোর কাছে যে চিঠি পাঠিয়েছি তাতে মালিক অথবা প্রতিনিধিদের পাঠানোর কথা বলেছি। তাঁদের এজেন্সির পক্ষ থেকে ওমরাহ করতে যাওয়া ব্যক্তিরা যে ফিরে এসেছেন সেটা প্রমাণের দায়িত্ব তাঁদের। সে ক্ষেত্রে মালিকদের চিঠি নিয়ে যাঁরা এসেছেন তাঁরা যদি তথ্য প্রমাণের ভিত্তিতে সেটা প্রমাণ করতে পারেন তাহলে আমরা সেটা গ্রহণ করবে। আর প্রমাণ করতে না পারলে আমাদের প্রতিবেদনে তাঁদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ থাকবে।’
হাব নেতাসহ অধিকাংশ এজেন্সির মালিকের অনুপস্থিতি তদন্ত প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার চেষ্টা কী না -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আমাদের তদন্তের ফলাফল যথাসময়ে সরকারের কাছে প্রতিবেদন আকারে জমা দেব। এখানে কেউ এ প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে পারবে না।
মন্ত্রণালয়ের সূত্র বলেছে, এবারের ওমরাহ হজ মৌসুমে ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরবে যাওয়া বাংলাদেশিদের মধ্যে ১১ হাজার ৪৮৫ জন ওই ভিসার মেয়াদ শেষে দেশে ফেরেননি। বিষয়টি সৌদি আরব কর্তৃপক্ষ চিঠি দিয়ে বাংলাদেশকে জানিয়েছে এবং যেসব এজেন্সির মাধ্যমে এই মানব পাচার হয়েছে, সেগুলোর তালিকা পাঠিয়ে ব্যবস্থা নিতে বলেছে। একপর্যায়ে গত ২২ মার্চ থেকে সৌদি আরব বাংলাদেশিদের ওমরাহ ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে।
এর পরিপ্রেক্ষিতে ওই তালিকা অনুযায়ী এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করে মন্ত্রণালয়। সূত্র বলেছে, অভিযুক্ত এজেন্সিগুলোর কয়েকটির বিষয়ে মন্ত্রণালয়ে শুনানি হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে তদন্ত কমিটি করে উন্মুক্ত তদন্তের সিদ্ধান্ত নিয়ে তদন্তে উপস্থিত থাকতে অভিযুক্ত এজেন্সিগুলোকে গত বুধ ও বৃহস্পতিবার চিঠি দেওয়া হয়।
তবে গত রোববার হাবের মহাসচিব শেখ আবদুল্লাহ গত রোববার মন্ত্রণালয়ে চিঠি দিয়ে হজ মৌসুম শেষ হওয়ার পর এই তদন্তের দিন নির্ধারণ করতে অনুরোধ জানালেও তদন্তের পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়নি।
মানব পাচারের অভিযোগ ওঠা আরও ৫১টি এজেন্সিকে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে উপস্থিত থাকতে বলা হয়েছে।