মন্ত্রণালয়ের জিপ ছিনতাই ও চালক হত্যায় দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনা মন্ত্রণালয়ের গাড়ি ছিনতাই ও এর চালক টিপু সুলতানকে হত্যায় জড়িত অভিযোগে মেহেদী হাসান (৩৬) ও তাঁর সহযোগী মোরশেদা আক্তার (৩২) নামের দুজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীর মিরপুর ১ নম্বরের গুদারাঘাটের কাজীফুরি এলাকা থেকে গত শনিবার গভীর রাতে মেহেদী ও মোরশেদাকে গ্রেপ্তার করা হয়। তাঁদের গতকাল রোববার দুদিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।
ডিবি পুলিশ জানায়, মন্ত্রণালয়ের পাজেরো জিপটি ছিনতাই করতেই পূর্বপরিচিত টিপু সুলতানকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তির ভিত্তিতে ছিনতাই হওয়া কালো রঙের পাজেরো (ঢাকা মেট্রো ঘ-১৩-৮১০৪) উদ্ধার করা হয়েছে।
গতকাল মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেন, ১৭ মার্চ তুরাগ থানার দিয়াবাড়ী থেকে হাত-পা বাঁধা এবং মুখমণ্ডল ও মাথা থেঁতলানো অবস্থায় পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি প্রকল্পের জিপের চালক টিপু সুলতানের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন তাঁর স্ত্রী ইতি পারভীন ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে স্বামীর লাশ শনাক্ত করেন। ডিবি ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং হত্যাকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। পরে শনিবার গভীর রাতে মেহেদী ও মোরশেদাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে মেহেদী ও সহযোগী মোরশেদা বলেছে, তারা সংঘবদ্ধ গাড়ি ছিনতাই চক্রের সদস্য। গাড়িটি ছিনতাই করতে ১৬ মার্চ সন্ধ্যায় ক্যান্টনমেন্ট থানার শেওড়া এলাকায় মেহেদী হাসানের ভাড়া বাসায় পূর্বপরিচিত টিপুকে হত্যার পরিকল্পনা হয়। সে অনুযায়ী মেহেদী তার পূর্বপরিচিত টিপুকে রাত সাড়ে ১০টার দিকে ওই বাসায় ডেকে নেয়। সেখানে কোমলপানীয়র সঙ্গে নেশাজাতীয় ওষুধ মিশিয়ে টিপুকে খাওয়ানো হয়। এ সময় আরেক সহযোগী আমির হোসেনও ছিল। পরে তারা দ্রুত টিপুকে নিয়ে ওই গাড়িতে ওঠে। গাড়ি চালানোর একপর্যায়ে টিপু মাথা ধরার কথা জানালে তাঁকে মাথাব্যথার ওষুধের নাম করে ঘুমের বড়ি খাওয়ানো হয়। পরে তাঁকে পেছনে বসিয়ে মেহেদী জিপটি চালায়। ভোররাতে দিয়াবাড়ীতে নিয়ে টিপুকে শ্বাসরোধে হত্যা করে মেহেদী, আমির ও মোরশেদা। পরে টিপুকে হাত-পা বেঁধে রাস্তায় ফেলে জিপটি তাঁর মাথার ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয়। হত্যাকাণ্ডটি দুর্ঘটনা বলে চালাতে চেয়েছিল হত্যাকারীরা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিবির উপকমিশনার (পশ্চিম) শেখ নাজমুল আলম, ডিবির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান ও অতিরিক্ত উপকমিশনার জাহাঙ্গীর আলম সরকার।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, মেহেদী ও মোরশেদাকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন। তিনি বলেন, ১৭ মার্চ পরিকল্পনা মন্ত্রণালয়ের এসএমসিআই প্রকল্পের পরিচালক মো. হাবিবুল ইসলাম দারুস সালাম লিখিতভাবে জানান, টিপু সুলতান পাজেরোসহ নিখোঁজ রয়েছেন।