মন্ত্রণালয়ের নামে চিঠি বিকাশে টাকা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয়ের নামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থ বরাদ্দের চিঠি দিয়ে অভিনব পন্থায় প্রতারণার আশ্রয় নিয়েছে একটি চক্র। চক্রটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রমোট প্রকল্প ও ইউরোপিয়ান কমিশনের লোগো দিয়ে বানানো প্যাডে বিদ্যালয়গুলোতে চিঠি পাঠিয়ে যোগাযোগ করতে বলছে। যোগাযোগ করা হলে বরাদ্দ পেতে বিকাশের মাধ্যমে সম্মানী দাবি করছে। জেলা শিক্ষা কর্মকর্তা এ ধরনের চিঠির বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রমোট প্রকল্প ও ইউরোপিয়ান কমিশনের লোগো-সম্পন্ন প্যাডের ওই চিঠিতে লেখা রয়েছে, ‘বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় এবং ইউরোপিয়ান কমিশনের যৌথ উদ্যোগে প্রচলিত প্রমোট (বিদ্যালয় উন্নয়ন-২য় প্রকল্প) আপনার বিদ্যালয় উন্নয়নের জন্য এককালীন কিছু আর্থিক সাহায্য করতে ইচ্ছুক। ইসি আপনার বিদ্যালয় উন্নয়নে সর্বদা প্রস্তুত। চিঠি পাওয়ামাত্র ফোনে কথা বললে বাধিত হব।’ চিঠির নিচে স্বাক্ষরসহ নাম ও পদবি রয়েছে আশরাফুল আলম চৌধুরী (উপসচিব), প্রকল্প পরিচালক (প্রমোট-২য় প্রকল্প), মুঠোফোন ০১৫৫৬৬৪৯৬১৬। স্মারক নম্বর দিয়ে সেখানে তারিখ রয়েছে ২৭ অক্টোবর, ২০১৫।
পঞ্চগড় জেলা সদরের নতুন চাকলাহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান সরকার বলেন, ‘আমি গত বৃহস্পতিবার দুপুরে ডাকযোগে একটি চিঠি পাই। খুলে দেখি আমার বিদ্যালয়ে উন্নয়নের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ দেওয়া হবে বলে সেখানে জানানো হয়েছে। আমি চিঠির নির্দেশনা অনুযায়ী সেখানে দেওয়া টেলিটক মুঠোফোন নম্বরে ফোন করি। তখন অপর প্রান্ত থেকে আমাকে বলা হয়, আপনার বিদ্যালয়ে ছাত্রীদের কমনরুম বানাতে ৬ লাখ ২৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এখনই আবদুল্ল্যাহ আল মামুনের বিকাশ নম্বর ০১৭২৮-৮৫০৯৪৬-তে সম্মানজনক পরিমাণে টাকা দিয়ে তাঁকে ফোন করবেন। টাকা পাওয়ার পরই আপনার ব্যাংকের হিসাব নম্বরে বরাদ্দের টাকা জমা দেওয়া হবে।’ অপর প্রান্ত থেকে প্রধান শিক্ষককে আরও বলা হয়, ‘টাকা পাওয়ার পর পাঁচ সদস্যের একটি প্রকল্প কমিটি করবেন। কাজের নির্দেশনা দিয়ে আরও তিনটি চিঠি পাবেন।’ প্রধান শিক্ষক কত টাকা বিকাশ করবেন জানতে চাইলে অপর প্রান্ত থেকে বলা হয়, ‘ছয় লাখ টাকার বেশি বরাদ্দ পাচ্ছেন। একটা সম্মানজনক পরিমাণ টাকা দেন।’ ঘণ্টা খানেকের মধ্যে টাকা না দেওয়ায় ওই নম্বরে তাগাদা দিয়ে আরও কয়েকবার ফোন করা হয়। প্রধান শিক্ষক তখন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে প্রমোট প্রকল্প এখন আর আছে কি না তা তাঁর জানা নেই বলে জানান। এরপর প্রধান শিক্ষক আর টাকা বিকাশ করেননি।
একই ধরনের চিঠি পেয়েছেন সদর উপজেলার জমিরন নেছা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এ টি এম আমিরউল্ল্যাহ। তিনি বলেন, ‘আমি গত বুধবার চিঠিটি পাই। এর পরপরই চিঠিতে দেওয়া মুঠোফোন নম্বরে ফোন দিলে আমাকে ০১৭২৮-৮৫০৯৪৬ বিকাশ নম্বরে সম্মানজনক টাকা দিতে বলা হয়। এই বিকাশ নম্বরটি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্ল্যাহ আল মামুনের বলে জানানো হয়। মাদ্রাসা সুপার বলেন, এক/দুই/চার হাজার টাকা বিকাশ করতে চাইলে অপর প্রান্ত থেকে বলা হয়, “এত কম টাকায় হয়?” আমি ৫০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করলে তক্ষুনি তা পাঠাতে বলা হয়।’ কিন্তু ঘণ্টা খানেকের মধ্যে টাকা না পেয়ে ওই নম্বর থেকে আবারও ফোন এলে টাকা জোগাড়ে সময় লাগবে বলে জানান ভারপ্রাপ্ত সুপার। অপর প্রান্ত থেকে ক্ষুব্ধতা প্রকাশ করে বলা হয়, “আপনাদের টাকার প্রয়োজন নেই। আপনার বরাদ্দ এক্ষুনি বাতিল করে দিলাম।”’
এ ধরনের চিঠির যথার্থতা নিশ্চিত হতে গতকাল দুটি মুঠোফোন নম্বরেই একাধিকবার ফোন করা হয় এবং খুদে বার্তা পাঠানো হয়। ০১৭২৮-৮৫০৯৪৬ ফোন নম্বরটি বরাবরই বন্ধ পাওয়া যায়। অপর ০১৫৫৬৬৪৯৬১৬ নম্বরটি রিং হলেও কেউ না ধরায় কথা বলা সম্ভব হয়নি। পরে খুদে বার্তা পাঠানো হলেও তারও উত্তর পাওয়া যায়নি।
জেলা শিক্ষা কর্মকর্তা শংকর কুমার ঘোষ বলেন, ‘বিষয়টি এখনো আমার নজরে আসেনি। তবে চিঠি দিয়ে টাকা চাইলে ধরে নিতে হবে এটি সম্পূর্ণ ভুয়া এবং প্রতারক চক্রের কাজ।’ তিনি এ ব্যাপারে সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সজাগ থাকার পরামর্শ দেন।
পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ বলেন, তিনি এখনো কোনো অভিযোগ পাননি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।