চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় ভূমি প্রতিমন্ত্রীর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শুরু হওয়ার আগে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় লাঠির আঘাতে আহত হন কয়েকজন। প্রায় ১০ মিনিট এ অবস্থা চলার পর জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে। অবশ্য ঘটনার সময় প্রতিমন্ত্রী অনুষ্ঠানস্থলে ছিলেন না।
গতকাল রোববার বিকেলে উপজেলার শিকলবাহা এ জে চৌধুরী কলেজ মাঠে প্রতিমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। মহান স্বাধীনতা দিবস উদ্যাপন, কর্ণফুলী থানাকে উপজেলা ঘোষণা এবং কর্ণফুলী থানাকে শতভাগ বিদ্যুতায়ন করায় কর্ণফুলী উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাতাহাতির ঘটনার বিষয়ে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী প্রথম আলোকে বলেন, মন্ত্রী অনুষ্ঠানে আসার আগে শিকলবাহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা আবুল কালামের নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠানস্থলে আসে। এ সময় আবুল কালাম মঞ্চে ওঠার চেষ্টা করলে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সমর্থকেরা তাঁকে বাধা দেন। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।
এদিকে নাগরিক সংবর্ধনায় সাইফুজ্জামান চৌধুরী বলেন, কর্ণফুলী এলাকার রাস্তাঘাটের অবস্থা তেমন ভালো নয়। এ সমস্যা দূর করার জন্য কাজ চলছে। তিনি এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলাম। বক্তব্য দেন আমিন উল্লাহ নুরী, জসীম উদ্দিন খান, চেমন আরা তৈয়ব, আবু সুফিয়ান, আবু সাইদ চৌধুরী, ফারুক চৌধুরী, আবদুর রশিদ, আজিম আলী, এম এন ইসলাম, তৌহিদুল হক চৌধুরী, আবদুল মান্নান, নাছির উদ্দিন, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, এম মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।