মন্ত্রী ও সাংসদের সমর্থকদের হাতাহাতি
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সাংসদ আফসারুল আমীনের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। চট্টগ্রামে আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ‘টেকসই জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা ও আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকের একপর্যায়ে এ ঘটনা ঘটে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত এই গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, আজ বিকেল সাড়ে পাঁচটায় আইইবি সেমিনার কক্ষে গোলটেবিল বৈঠক শুরু হয়। বৈঠকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বক্তৃতা শুরু করেন আফসারুল আমীন। বক্তব্যের একপর্যায়ে চট্টগ্রামে নির্মিত ও নির্মাণাধীন উড়াল সড়কের দায়-দায়িত্ব নিয়ে তিনি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে বাগ-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর একপর্যায়ে সেখানে উপস্থিত দুজনের সমর্থকেরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে বৈঠকে উপস্থিত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ও অন্যান্য আয়োজকেরা দুজনকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনার পর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘গোলটেবিল বৈঠকটি আর চালু না রেখে এখানেই শেষ করে দেওয়া উচিত। এ বিষয়ে পরবর্তীতে বৈঠক হলে ভালো হবে।’