মন্ত্রী-সাংসদের পাশে পলাতক আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলের শ্রমিকনেতা আবুল মনসুর ভূঁইয়া হত্যা মামলার পলাতক আসামি শফিকুল ইসলাম ওরফে আ. সালামকে গত শুক্রবার একজন মন্ত্রী ও একজন সাংসদের পাশে দেখা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
গত বছরের ২০ নভেম্বর নান্দাইল রেজিস্ট্রি কার্যালয়ের মাঠে আয়োজিত পৌর আওয়ামী লীগের সমাবেশে হামলা ও শহরের হাসপাতাল সড়কের কল্যাণী জুয়েলার্সের সামনে স্থানীয় শ্রমিকনেতা আবুল মনসুর ভূঁইয়াকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর নিহত ব্যক্তির ছোট ভাই নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ৪৭ জনের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা সবাই নান্দাইল আসনের আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আবেদিন খানের সমর্থক। এই হত্যাকাণ্ডের পর উপজেলা আওয়ামী লীগের লাগাতার প্রতিবাদ কর্মসূচির মুখে সাংসদ ওই এলাকায় আসতে পারেননি। গত ১ জানুয়ারি তিনি পুলিশের পাহারায় নান্দাইলে এসে বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করে আবার চলে যান।
শুক্রবার কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নান্দাইলে এসে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন। পরে মন্ত্রীর সঙ্গে সাংসদ আনোয়ারুল আবেদিন খানের বৈঠক হয়। বৈঠকের সময় তাঁর পেছনে গিয়ে দাঁড়ান আ. সালাম। তিনি নান্দাইল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এ সময় সেখানে নান্দাইল উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সেখানে উপস্থিত তিন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, মন্ত্রী ও সাংসদের পেছনে সারাক্ষণ উপস্থিত ছিলেন আবদুস সালাম। এ ঘটনায় অনেকেই বিস্মিত হলেও কেউ সালামকে চলে যেতে বলেননি।
মামলার প্রাথমিক বিবরণীতে সালামের বিরুদ্ধে মনসুরকে বল্লম (স্থানীয় ভাষায় এই অস্ত্রের নাম অলঙ্গা) দিয়ে আঘাত করে পিঠে ছিদ্রযুক্ত জখম করার অভিযোগ রয়েছে। তবে ওই মামলার আরও কয়েকজন অভিযুক্ত ব্যক্তিকে সমাবেশে দেখা গেলেও তাঁরা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। তবে সালাম জামিন না নেওয়ায় পুলিশের খাতায় তিনি পলাতক বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গতকাল শনিবার দুপুরে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংসদ আনোয়ারুল আবেদিন খান এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
মামলার তদন্ত কর্মকর্তা ময়মনসিংহের অপরাধ তদন্ত সংস্থার (সিআইডি) পরিদর্শক আনিসুর রহমান মুঠোফোনে বলেন, ওই মামলায় উচ্চ আদালত থেকে যাঁরা জামিন পেয়েছেন, তাঁদের ছাড়া অন্যদের গ্রেপ্তার করার জন্য তিনি নান্দাইল থানায় চাহিদাপত্র (রিকুইজিশন) পাঠিয়েছেন। তবে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ্ এ ধরনের কোনো চাহিদাপত্র পাননি বলে জানান।