মন্ত্রীকে কটূক্তি
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে কটূক্তি করায় রাজশাহী মহানগর মহিলা লীগের নেত্রী শামীমা ইয়াসমিন ওরফে শিখার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। বাঘা উপজেলা যুবলীগের কর্মী শাহীন আলম গত বৃহস্পতিবার বাঘা থানায় মামলাটি দায়ের করেন।
শামীমা রাজশাহী মহানগর মহিলা লীগের আইনবিষয়ক সম্পাদক ও নগরের বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক।
মামলার এজাহারে বলা হয়েছে, শামীমা ইয়াসমিন তাঁর ফেসবুকে লিখেছেন, ‘প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দুর্নীতিপরায়ণদের রাজশাহী আদালতের জিপি ও পিপি নিয়োগ দিয়েছেন। রাজশাহীতে এলে তাঁকে... (অপমানজনক শব্দ) করা হবে।’ ফেসবুকের এই স্ট্যাটাসে প্রতিমন্ত্রীঁর সুনাম ক্ষুণ্ন হয়েছে।
বাঘা থানার ওসি আমিনুর রহমান বলেন, মামলার সঙ্গে ফেসবুকের বক্তব্যের প্রিন্ট কপি দেওয়া হয়েছে। এর জন্য আলাদা করে সাক্ষ্যপ্রমাণ খোঁজার দরকার নেই। তাঁর এই বক্তব্যে তথ্যপ্রযুক্তি আইনে অপরাধ হয়েছে।
তবে শামীমা ইয়াসমিন ফেসবুকে ওই বক্তব্য দেওয়ার কথা অস্বীকার করে বলেছেন, এই পিপি ও জিপি দুর্নীতিপরায়ণ। তাঁদের নিয়োগ না দেওয়ার জন্য বিগত দিনে তাঁরা আন্দোলন করেছেন। এ কারণে তাঁকে ফাঁসানোর জন্য কেউ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে এ কাজ করে থাকতে পারেন।