মন্ত্রীর অনুষ্ঠানের পাশেই যুবলীগ নেতা খুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামকে (৫০) গতকাল শুক্রবার বিকেলে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ঘটনাস্থলের পাশেই একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সম্প্রতি বিভিন্ন স্থানে ছাত্রলীগ ও যুবলীগের অভ্যন্তরীণ কোন্দল, পদধারী নেতাদের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কথিত বন্দুকযুদ্ধে কয়েকজন নেতা নিহত হওয়ার ঘটনা দেশজুড়ে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এর মধ্যেই গাজীপুরে খুন হলেন যুবলীগের নেতা রফিকুল। তিনি কালিয়াকৈর উপজেলার টেংরাবাড়ী এলাকার মৃত আবদুল জলিলের ছেলে।
নাম প্রকাশ না করার শর্তে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, দীর্ঘদিন ধরে কালিয়াকৈর এলাকার কিছু নেতা-কর্মীর সঙ্গে পদ-পদবি নিয়ে রফিকুলের বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।
দলীয় নেতা-কর্মী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় হতাহত ব্যক্তিদের স্মরণে মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গতকাল বিকেলে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু কলেজমাঠে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আ. আজিজ। যুবলীগ নেতা রফিকুল ইসলাম সভায় তাঁর বক্তব্য শেষ করে পৌর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. হোসেন আলীকে নিয়ে অনুষ্ঠানস্থলের পশ্চিম পাশে প্রায় ১০ গজ দূরে একটি দোকানে বসে চা পান করছিলেন। এ সময় ১০-১২ জন তাঁর ওপর হামলা করে। তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে আশপাশের লোকজন রফিকুল ইসলামকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হামলার ঘটনায় হোসেন আলীও আহত হয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানের বক্তব্যের সময় রফিকুলের মৃত্যুর খবর সভাস্থলে পৌঁছায়। এতে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন প্রধান অতিথি মোজাম্মেল হক সভায় ঘোষণা দেন, কিছু সময় আগে এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাই তিনি বক্তব্য না দিয়ে লাশ দেখতে যাচ্ছেন। এই বলে তিনি সভাস্থল থেকে চলে যান। এরপর সভা পণ্ড হয়ে যায়।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামসুল হুদা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে মৃত অবস্থায় রফিকুলকে হাসপাতালে আনা হয়। তাঁর পেটে তিনটি ও বুকে একটি ছুরির আঘাত এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার পর উপজেলার বাড়ইপাড়া এলাকার সুমন মিয়া নামের এক ব্যক্তির একটি ব্যক্তিগত গাড়ি হামলার স্থলে পড়ে থাকতে দেখা যায়। তাঁর ভাগনে মো. সোহেল ওই গাড়িটি ঘটনার দুই ঘণ্টা পর নিতে আসেন। পুলিশ সোহেলকে আটক এবং ব্যক্তিগত গাড়িটি জব্দ করেছে। এ ছাড়া পুলিশ অভিযান চালিয়ে মো. হোসেন নামের আরেকজনকে আটক করেছে।
জানতে চাইলে মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘আমাদের জানাই ছিল না, এমন একটি ঘটনা ঘটতে পারে। আগে থেকে দৃশ্যমান এমন কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি, যার জন্য একজনকে মেরে ফেলতে হবে। তবে ঘটনাটি খুবই নিন্দনীয়। খুনিদের যাতে দ্রুত গ্রেপ্তার করা হয়, সে নির্দেশ দেওয়া হয়েছে।’
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, সভাস্থলে আগে থেকে অনেক পুলিশ মোতায়েন ছিল। সভার বাইরে একটি চায়ের দোকানে ঘটনাটি ঘটেছে। সন্দেহজনক দুজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার করতে পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে যাচ্ছে।